ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) এক সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থীর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফজলুর রহমান খান হলের ব্যাডমিন্টন খেলার মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ওই হলের আবাসিক ছাত্র ও যন্ত্রকৌশল চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দীনের সঙ্গে কুদরাত-এ-খুদা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নারিফের কথা-কাটাকাটি হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সালাউদ্দীনকে নারিফ ও তাঁর বন্ধুরা মারধর করেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সালাউদ্দীনের বন্ধু ও অন্যরা কুদরাত-এ-খুদা হলের ২০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে নারিফ ও তাঁর বন্ধু কিশোরকে মারধর এবং তাঁদের কক্ষ তছনছ করেন। খবর পেয়ে শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে যান। এরপর নারিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।যন্ত্রকৌশল চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দীন অভিযোগ করেন, নারিফ অন্য হলের আবাসিক ছাত্র হয়ে তাঁর হলের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় ক্ষমতার দাপট দেখান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হলে অন্যরা বিষয়টি মিটমাট করে দেন। এর পরও নারিফ একা পেয়ে তাঁকে মারধর করেন। এদিকে নারিফ আহত হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নারিফের বন্ধু কিশোর জানান, তিনি ও নারিফ তাঁদের কক্ষে নাটক দেখছিলেন। এমন সময় কয়েকজন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে কক্ষের দরজা ভেঙে তাঁদের ওপর হামলা এবং কক্ষে ভাঙচুর চালান। ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।