ব্যাডমিন্টন প্রশিক্ষণের উদ্বোধন
নীলফামারীর জলঢাকায় মাসব্যাপী ব্যাডমিন্টন প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জলঢাকা মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা।
ডোমার ব্যাডমিন্টন কোচিং সেন্টার (ডিবিসিসি) জলঢাকা শাখা এই প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিসিসি জলঢাকা শাখার সভাপতি মার্জিয়া সুলতানা।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) লেভেল-১ কোর্স ট্রেনিংয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৪৮ জন ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিচ্ছে। তিন গ্রুপে ১৬ জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন, ডিবিসিসির পরিচালক আবু আসাদ মো. সামুন মাহদি প্রমুখ।
আবু আসাদ মো. সামুন মাহদি জানান, সংগঠনের উদ্যোগে জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। দক্ষ খেলোয়াড় তৈরি করতে প্রশিক্ষণের বিকল্প নেই বলে দাবি করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।