ব্যানবেইসের পদ ও মর্যাদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পদ ও মর্যাদা বাড়ছে। সংস্থাটির প্রধানের পদ পরিচালক থেকে মহাপরিচালক করা হচ্ছে। এ ছাড়া প্রধান কার্যালয়ের জন্য নতুন করে আরও ৭০টি ও মাঠপর্যায়ে ৫১২টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এখন সচিব কমিটিতে যাবে। ব্যানবেইসের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাঁরা আশা করছেন শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে।

নিয়মিত জরিপ বা সমীক্ষা চালিয়ে দেশের শিক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে ব্যানবেইস। এ তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় সরকার। এ ছাড়া উপজেলা পর্যায়ে আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র ও রিসোর্স সেন্টারের মাধ্যমে শিক্ষকদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়াসহ আরও কিছু কাজ করছে ব্যানবেইস। আগে কাজের পরিধি কম থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন সংস্থাটির কাজের পরিধি বেড়েছে।
এ জন্য সংস্থাটির সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে জনবল বাড়ানোর চেষ্টা করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ের জন্য একটি মহাপরিচালকের (সংস্থার প্রধান) পদসহ নতুন আরও ৭০টি পদের বিষয়ে অনাপত্তি (অনুমোদন) দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে প্রধান কার্যালয়ের জন্য ৭৯টি পদ আছে। নতুন পদগুলো যুক্ত হলে এর সংখ্যা দাঁড়াবে ১৪৯টিতে। নতুন পদ অনুযায়ী মহাপরিচালকের পদে যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বর্তমানে সংস্থা প্রধানের পদটির নাম পরিচালক। এটি মূলত উপসচিব সমমর্যাদার পদ। নতুন অন্যান্য পদের মধ্যে থাকছে একটি করে উপপরিচালক, জ্যেষ্ঠ প্রোগ্রামার, সিস্টেম অ্যানালিস্ট, বিশেষজ্ঞসহ (পরিসংখ্যান) বিভিন্ন ধরনের পদ।

বর্তমানে ব্যানবেইসের অধীনে সারা দেশের ১২৫টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র ও রিসোর্স সেন্টার রয়েছে। এগুলোতে গত অর্থবছরে ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে আরও ৬০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে গতকাল রোববার থেকে।

ব্যানবেইসের একজন কর্মকর্তা বলেন, এসব রিসোর্স সেন্টারের জন্য ৫১২টি পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ১২৮টি সহকারী প্রোগ্রামার, ১২৮টি কম্পিউটার অপারেটর, ১২৮টি ল্যাব সহকারী ও ১২৮টি নিরাপত্তা প্রহরীর পদ। এ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নতুন পদগুলো বাস্তবায়িত হলে কাজ করা অনেক সহজ হবে।