ব্যানার খোলার হিড়িক!
চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশ শেষ হতে না হতেই সমাবেশস্থলসহ নগরের বিভিন্ন সড়কে লাগানো ডিজিটাল ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যাওয়ার হিড়িক পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সমাবেশ শেষ হওয়ার পরপরই এই চিত্র দেখা গেছে।সূর্যাস্তের আগেই নিম্ন আয়ের লোকজন ব্যানারগুলো খুলে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। অবশ্য এর আগে বেলা ১১টার দিকে নগরের নন্দনকানস্থ বৌদ্ধ মন্দিরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ওই এলাকায় লাগানো বেশির ভাগ ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। খোঁজ নিয়ে জানা যায়, নিম্ন আয়ের লোকজন এসব ব্যানার বস্তি ঘরের ছাউনি বা অন্য কাজে ব্যবহার করবে। সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা সাতটার মধ্যে পলোগ্রাউন্ড মাঠের এক-তৃতীয়াংশ ব্যানার খোলা হয়ে যায়। রাতের মধ্যে বড় আকারের ব্যানারগুলো হাওয়া হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সকালে সমাবেশ শুরুর সময় পলোগ্রাউন্ড মাঠের চারপাশে অন্তত ১০০টি বড় ব্যানার ছিল। বিভিন্ন জাতীয় ও স্থানীয় নেতার ছবি এবং শুভেচ্ছাসংবলিত এসব ব্যানারে মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল। এ ছাড়া মাঠের বাইরে ছিল হাজার হাজার ব্যানার।