ব্যানার ছিনতাইয়ের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে মহান বিজয় দিবস উপলক্ষে তৈরি করা তোরণ থেকে ব্যানার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঢাকার আশুলিয়া থানা বিএনপি গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলে।তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিজয় দিবসে বিএনপির নেতারা জাতীয় স্মৃতিসৌধে আসবেন। নেতাদের আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু তোরণ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে নয়টি তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত সোমবার রাতে পুলিশ প্রহরায় ওই সব তোরণ থেকে ব্যানারগুলো খুলে নিয়ে যান। ব্যানার খুলে নেওয়ার খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা সেখানে গেলে তাঁদের মারধর করা হয়। বিষয়টি প্রকাশ করলে তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাতে অপর রাজনৈতিক দলের ব্যানার ছিনতাইয়ের ঘটনা গণতন্ত্রকে পদদলিত করার শামিল।’ কারা ব্যানার খুলে নিয়েছে জানতে চাইলে তিনি তাদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের নির্দেশেই ব্যানার খুলে ফেলা হয়েছে। সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তোরণ থেকে ব্যানার খুলে নেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘এটা সাজানো নাটক অথবা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।’ তিনি বলেন, সম্প্রতি ধামরাইয়ে খালেদা জিয়ার আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেসব তোরণ থেকে কোনো ব্যানার খোলা হয়নি। এ ছাড়া বিএনপির আরও কয়েকজন নেতা তোরণ নির্মাণ করছেন, তাঁদের পক্ষ থেকে তো এমন অভিযোগ করা হচ্ছে না।