খুলনা নগরের গুরুত্বপূর্ণ শিববাড়ী, ময়লাপোতা এবং খালিশপুর নতুন রাস্তা মোড়ের তিনটি সৌন্দর্যবর্ধন স্থাপনা ও ভাস্কর্য থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে খুলনা সিটি করপোরেশন। গত রোববার রাতে এই অভিযান চালানো হয়। এ সময় নগরের আরও কয়েকটি এলাকার ব্যানার-ফেস্টুনও নামিয়ে ফেলা হয়।
এ ছাড়া তিন দিন ধরে নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, কাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ জন্য নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ব্যানার-ফেস্টুন অপসারণ এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ভাস্কর্যগুলোর চারপাশে কোনো ব্যানার-ফেস্টুন নেই। সড়কের পাশেও ব্যানার-ফেস্টুনের সংখ্যা কম। ফুটপাতে নেই অবৈধ দোকানপাট ও নির্মাণসামগ্রী।
ময়লাপোতা মোড়ে কথা হয় বিএল কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ময়লাপোতা মোড়ের ‘মৈত্রী ভাস্কর্য’ থেকে ব্যানারগুলো সরিয়ে ফেলায় এটি স্বাভাবিক সৌন্দর্য ফিরে পেয়েছে।
শিববাড়ী মোড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিরেন্দু মণ্ডল বলেন, প্রায় সাত মাস ধরে শিববাড়ী মোড়ের ফোয়ারার চারপাশে একটি ব্যানার ছিল। এটিও সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কত দিন এই অবস্থা থাকবে, সেটাই দেখার বিষয়। সিটি করপোরেশনের জ্যেষ্ঠ লাইসেন্স কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, রাজনৈতিক নেতাদের নামসংবলিত ব্যানার-ফেস্টুন নামানো একটু ঝামেলার। তারপরও ভারপ্রাপ্ত মেয়রের অনুমতি নিয়ে এগুলো অপসারণ করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে প্রায় সব ব্যানার-ফেস্টুন নামিয়ে ফেলা হবে।
সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গতকালও অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলমের নেতৃত্বে সার্কিট হাউস এলাকা, হাজী মুহসীন রোড, টুটপাড়া কবরখানা মোড় থেকে ময়লাপোতা মোড়, শিববাড়ী মোড় হয়ে গল্লামারী পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। দখলমুক্ত করা হয় এসব এলাকার সড়ক ও ফুটপাত। সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, তিন দিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বহুদিন ধরে ম্যাজিস্ট্রেট না থাকায় ঠিকমতো অভিযান চালানো সম্ভব হয়নি। এখন ম্যাজিস্ট্রেট আছেন, নিয়মিত অভিযান চালানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলম বলেন, অভিযানের পর যাতে আবার দখল না হয়ে যায়, সেদিকে নজর দেওয়া হবে।
গত ৫ অক্টোবর প্রথম আলোতে ‘ব্যানার-ফেস্টুনে বন্দী সৌন্দর্য’ এবং ১ সেপ্টেম্বর ‘রাস্তা ও ফুটপাত নির্মাণসামগ্রীর দখলে’ শিরোনামে দুটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।