ব্যানার-ফেস্টুনে আড়াল কেন্দ্রীয় শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকা পড়েছে। দীর্ঘদিন ধরে শহীদ মিনারটি এ অবস্থায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এসব সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে না।
কয়েকজন শহরবাসী বলেন, শহীদ মিনারের সামনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা, পৌর নির্বাচনী প্রচারণা ও নেতাদের শুভেচ্ছা জানিয়ে নানা রঙের বাহারি ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। ফলে শহীদ মিনারটি রাস্তা থেকে এখন আর দেখা যায় না।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কের দয়াময়ী মোড় এলাকার পশ্চিম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত। এর দক্ষিণ পাশে সিংহজানি বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়, উত্তর পাশে দয়াময়ী মন্দির ভবন। এ কারণে ওই দুই পাশ আগে থেকেই শহীদ মিনার চোখে পড়ে না। এর সামনের পূর্ব দিকে ১৫টি বড় বড় ব্যানার-ফেস্টুন টাঙানোর ফলে শহীদ মিনারটি একেবারে ঢাকা পড়েছে।
জামালপুর জেলা প্রজন্ম ভাষাসৈনিক ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের প্রচারের জন্য শহীদ মিনারের মতো স্থানকে ব্যবহার করা ঠিক হয়নি। শহরের প্রধান সড়কের সঙ্গে শহীদ মিনার অবস্থিত হওয়ায় ঝড়-বৃষ্টিতে ওই সব ব্যানার-ফেস্টুন ভেঙে পড়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, ‘শহীদ মিনারে বিএনপির নেতাদেরও কয়েকটি ব্যানার রয়েছে। তাঁরা সেগুলো সরিয়ে নিলে এক রাতের মধ্যেই আমাদের ব্যানারগুলো সরানোর ব্যবস্থা করব।’
প্রজন্ম ভাষাসৈনিক কমিটির আহ্বায়ক তারিকুল ফেরদৌস বলেন, ‘আমাদের পক্ষ থেকে এ নিয়ে প্রতিবাদ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই প্রশাসন ওই সব ব্যানার-ফেস্টুন অপসারণ করে। কিন্তু ফেব্রুয়ারি চলে গেলেই আবার নতুন করে ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ে শহীদ মিনার।’