ব্যানার-ফেস্টুনে 'বন্দী' সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে খুলনার খালিশপুরের ‘বীর-বাঙালি’ ভাস্কর্য। হারিয়ে গেছে স্থাপনাটির সৌন্দর্য l প্রথম আলো
ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে খুলনার খালিশপুরের ‘বীর-বাঙালি’ ভাস্কর্য। হারিয়ে গেছে স্থাপনাটির সৌন্দর্য l প্রথম আলো

খুলনা নগরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত শিববাড়ি, ময়লাপোতা ও নতুন রাস্তা মোড়ের তিনটি সৌন্দর্যবর্ধন স্থাপনা ও ভাস্কর্য ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়েছে। সৌন্দর্যহানির পাশাপাশি দুর্ঘটনার শঙ্কা তৈরি করছে এসব ব্যানার ও ফেস্টুন।
নগরবাসী বলছেন, ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করায় এগুলো সরাতে পারছে না বা সরাতে উৎসাহ দেখাচ্ছে না সিটি করপোরেশন।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শিববাড়ি মোড়ের ফোয়ারার চারপাশ বাঁশ দিয়ে ঘিরে ব্যানার টানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। প্রায় চার মাস ধরে ওই ব্যানারে বন্দী ফোয়ারা। ময়লাপোতা মোড়ের ভাস্কর্যের চারপাশও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ব্যানারে ঢাকা। একই অবস্থা খালিশপুরের ‘বীর-বাঙালি’ ভাস্কর্যেরও। ব্যানারে ঢাকা তার চারপাশ।
ময়লাপোতা মোড় দিয়ে প্রতিদিন চলাচল করেন নগরের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুনাইদ হাসান। তিনি বলেন, ঈদের পরের দিন এখানে তাঁর বাইককে সামনে থেকে ধাক্কা দেয় আরেকটি বাইক। ব্যানারের কারণে ভাস্কর্যের ওপাশের কিছু দেখা না যাওয়ায় এমনটি ঘটেছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, নিরাপদ যাত্রার জন্য সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি কাম্য নয়। নগরে হাতেগোনা কয়েকটি সৌন্দর্যবর্ধনের জায়গা রয়েছে। তাই সেখানে এ ধরনের প্রতিবন্ধকতা কাঙ্ক্ষিত নয়। জনস্বার্থে এগুলো সরানো উচিত।
যোগাযোগ করলে খুলনা সিটি করপোরেশনের জ্যেষ্ঠ লাইসেন্স কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘আমরা প্রতিদিনই এগুলো খুলছি। আপাতত রাজনৈতিক নেতাদের নাম-সংবলিত ব্যানার-ফেস্টুনে হাত দিচ্ছি না। এগুলো খুলতে নানা ঝামেলা হয়। তারপরও কয়েক দিনের মধ্যে এগুলোও খুলব।’
১৮ সেপ্টেম্বর সচেতন নাগরিক কমিটি খুলনার উদ্যোগে এক নাগরিক সংলাপে বক্তব্য দেন মেয়র মো. মনিরুজ্জামান। ভাস্কর্যগুলো থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেছিলেন, এসবের কারণে যানবাহনের গতিপ্রকৃতি ঠিকমতো বোঝা যায় না। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এগুলো অপসারণ করতে গিয়ে তাঁদের অনেক কর্মচারী মার খেয়েছেন।
মেয়র বলেন, শিববাড়ি মোড়ের ফোয়ারা ঢেকে ফেলে কেডিএর টানানো ব্যানার-ফেস্টুন খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এগুলো যাঁরা টানিয়েছেন, তাঁদেরই সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন তিনি।