ব্যানার-বিলবোর্ডে শ্রীহীন গুরুদাসপুর

ব্যানার, বিলবোর্ড আর পোস্টারে ঢাকা পড়ে সৌন্দর্য হারাচ্ছে নাটোরের গুরুদাসপুর শহর। এমনকি গুরুদাসপুর থানার প্রধান ফটকটি পর্যন্ত ঢেকে গেছে নানা প্রচারণামূলক ব্যানার, পোস্টারে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষেও রয়েছে অসংখ্য ব্যানার-বিলবোর্ড। অথচ এসব ব্যানার, পোস্টার অপসারণে নেই কোনো উদ্যোগ।
গতকাল রোববার দুপুরে দেখা গেছে, থানার মূল ফটকসহ সীমানাপ্রাচীর ঘেঁষে কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি, রাজনৈতিক নেতা-কর্মীদের শুভেচ্ছা, জেলা পরিষদ নির্বাচনের প্রচারণামূলক পোস্টার ঝুলছে।
গুরুদাসপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় রোজী মোজাম্মেল মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রুহুল করিম আব্বাসী বলেন, এটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও বিধিনিষেধ উপেক্ষা করে যত্রতত্র বিলবোর্ড-ব্যানার টানানোয় শহর শ্রীহীন হয়ে পড়ছে। অনেক সময় এসব বিলবোর্ডের কারণে দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পৌর সচিব হাফসা শারমিন বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে শত শত বিলবোর্ড-ব্যানার থাকলেও কেউই অনুমোদন নেওয়ার প্রয়োজন মনে করে না। মেয়র মহোদয় দেশে ফিরলে বিষয়টি নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, নানা ব্যস্ততায় বিলবোর্ডের দিকে নজর দেওয়া সম্ভব হয়নি। শিগগিরই এসব বিলবোর্ড অপসারণ করা হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার মুঠোফোনে গতকাল বলেন, বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। পৌরসভাসহ উপজেলা এলাকায় টানানো বিলবোর্ড-ব্যানার অপসারণে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। দ্রুত অপসারণ না করা হলে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে।