ব্যানারে ছেয়ে গেছে নরসিংদী সরকারি কলেজের মাঠ ও ভবন। এতে কলেজ তার স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছে। পাশাপাশি ভবনের বারান্দায় ব্যানার সাঁটানোর কারণে শ্রেণিকক্ষ অন্ধকার হয়ে যাওয়ায় পাঠদানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে কলেজে দেখা গেছে, কলেজের প্রধান ফটক থেকে শুরু করে পুকুরপাড় ঘেঁষে পুরো মাঠে বাঁশের খুঁটি দিয়ে টানানো হয়েছে বিভিন্ন ব্যানার। এ ছাড়া মাঠের বিভিন্ন গাছে পেরেক দিয়ে এবং কলেজ ভবনের বারান্দা ঢেকে দেওয়া হয়েছে ব্যানারে। এগুলোতে সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, ঈদের শুভেচ্ছা, নবীন শিক্ষার্থীদের বরণে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
কলেজের প্রশাসনিক বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজটিতে উচ্চমাধ্যমিক, সম্মান ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। রাজনৈতিক ব্যানারের কারণে পুকুর, গাছগাছালিতে ঢাকা ক্যাম্পাসটি তার সৌন্দর্য হারাতে বসেছে। এক বছর ধরে ঈদের শুভেচ্ছা, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এবং ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে কয়েক শ ব্যানার টানিয়েছেন ছাত্রনেতারা। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রায় ২০টি ব্যানার।
নাম প্রকাশ না করার শর্তে কলেজ ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী বলেন, অনার্স ভবনের মাঠটি থাকে বহিরাগতদের দখলে। ছাত্রাবাসের শিক্ষার্থীদের খেলার জায়গা বলতে মূল ভবনের মাঠটি। আর সেই মাঠটিও দখল করে আছে ছাত্রনেতাদের বিলবোর্ড। এ কারণে তাঁরা খেলাধুলা করতে পারছেন না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, এসব ব্যানারের কারণে শুধু সৌন্দর্য নষ্ট হচ্ছে না, পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানও ব্যাহত হচ্ছে। বারান্দা ছেয়ে যাওয়া এসব ব্যানারে শ্রেণিকক্ষগুলো অন্ধকার হয়ে গেছে।
কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বলেন, ‘আমাদের সময়ে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান নিশ্চিত করার জন্য কাজ করেছি। ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে ছাত্রনেতাদের অগ্রণী ভূমিকা রাখা উচিত।’
এ বিষয়ে কথা বলতে কলেজের ছাত্র সংসদের সর্বশেষ সহসভাপতি শামীম নেওয়াজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।