ব্যানারে নাম না থাকায় আ.লীগ নেতাদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পয়লা বৈশাখের অনুষ্ঠানের ব্যানারে আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের নাম না থাকায় শোভাযাত্রা বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ ও দুই ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাহিদা আক্তার।
পরে ক্ষিপ্ত নেতা ও তাঁদের সমর্থকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গালমন্দ ও বিক্ষোভ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ইউএনও বলেন, সরকারি বিধিতে ব্যানারে শুধু অনুষ্ঠানের প্রধান অতিথি (সাংসদ) ও অনুষ্ঠানের সভাপতির (ইউএনও) নাম রাখার কথা বলা হয়েছে। তা ছাড়া অনুষ্ঠান বর্জনকারীদের বৈশাখী উদ্যাপন কমিটিতে উপস্থিত থাকার জন্য চিঠিও দেওয়া হয়েছিল। তাঁরা সভায় যোগ দেননি। মূলত রাজনৈতিক দলাদলির কারণে এ অবস্থা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কয়েকজন সরকারি কর্মকর্তা বলেন, সকালে উপজেলা চত্বর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, গরু-মহিষের গাড়িসহ নানা উপকরণ নিয়ে শোভাযাত্রা শুরু হয়েছিল। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী দুই ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। কিন্তু ব্যানারে তাঁদের নাম না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের সমর্থকেরা গালমন্দ করে ইউএনওকে তিন দিনের মধ্যে গুরুদাসপুর ছাড়তে বলেন।
পৌর মেয়র অভিযোগ করেন, এ ইউএনও এখানে আসার পর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের মূল্যায়ন করছেন না। সর্বশেষ বৈশাখী অনুষ্ঠানের ব্যানারে তাঁদের নামও রাখা হয়নি। বাধ্য হয়ে তাঁর অনুষ্ঠান বর্জন করেছেন। পরে জেলা প্রশাসকের অনুরোধে তিনিসহ তাঁর অনুসারীদের নিয়ে অনুষ্ঠানে যোগদান করেছেন।