ব্যান্ডউইট্থ রপ্তানি ও বিদ্যুৎ আমদানির উদ্বোধন ২৩ মার্চ
আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সংযোগ স্থাপনের পরিপ্রেক্ষিতে ২৩ মার্চ ভারতে ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইট্থ রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই দিনে ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিরও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি কার্যক্রমের উদ্বোধন করবেন। খবর বাসসের।
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মহাপরিচালক মনোয়ার হোসেন গতকাল বুধবার বলেন, ‘আমরা ইতিমধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপন করেছি এবং দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডউইট্থ সঞ্চালন কার্যক্রম চালু করবেন।’
ভারত প্রাথমিকভাবে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার জন্য ১০ জিবিপিএস ব্যান্ডউইট্থ নেবে। দেশটির আরও দুটি রাজ্য আসাম ও মেঘালয় বাংলাদেশ থেকে ব্যান্ডউইট্থ আমদানির আগ্রহ দেখিয়েছে।