ব্যান্ডউইথ রপ্তানির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ অব্যবহৃত ইন্টারনেট ব্যান্ডউইথ ভারতে রপ্তানি করে বছরে ৯ দশমিক ৪২ কোটি টাকা সমমূল্যের ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সম্পাদনের প্রস্তাব আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এবং ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) মধ্যে এই চুক্তি সই হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ লিজ ও বাণিজ্যিক ভিত্তিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ সরবরাহ করবে।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইন্টারনেটের (জিরো পয়েন্টে) জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথ বরাদ্দ দিতে বিএসএনএল ও বিএসসিসিএলের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, রপ্তানির পরিমাণ ৪০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অব্যবহৃত ব্যান্ডউইথ রপ্তানি করে বছরে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে মাত্র ৩০ জিবি ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহৃত হয় এবং বাকি ১৭০ জিবি অব্যবহৃত থাকে। ১৭০ জিবি ইন্টারনেটের মধ্যে বিএসসিসিএল ভারতে ১০ জিবি রপ্তানি করবে। এর পরও ১৬০ জিবি অব্যবহৃত থেকে যাবে। এই ১৬০ জিবি ইন্টারনেট ব্যান্ডউইথ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে সাবমেরিন ক্যাব্‌ল সম্প্রসারণে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পরও বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইথের কোনো সংকট হবে না।

সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ভারতে ১০ জিবি ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করে প্রাপ্ত আয়ের এক-চতুর্থাংশ দিয়ে বিএসসিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে। প্রস্তাবিত এই চুক্তির মেয়াদকাল হবে তিন বছর এবং সাবমেরিন ক্যাব্‌লের রুট কক্সবাজার ল্যান্ডিংস্টেশন থেকে শুরু হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হয়ে ত্রিপুরার আগরতলায় গিয়ে শেষ হবে।

এ ছাড়া বৈঠকে গত ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের কাতার সফর সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়। বাসস