ইন্টারনেটের ব্যান্ডউইথের গতি কমানোর ঘটনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নীতির পরিপন্থী উল্লেখ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) সতর্ক করে দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস ছাত্তার সাংবাদিকদের বলেন, ব্যান্ডউইথের গতি কমানোর ঘটনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজকে বাধাগ্রস্ত করবে। সে জন্য কমিটি বিটিআরসিকে সতর্ক করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছে। সম্ভব হলে ব্যান্ডউইথের গতি বাড়ানোর সুপারিশও করা হয়েছে।
এর আগে ২১ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও ব্যান্ডউইথের গতি বাড়ানোর সুপারিশ করে। বিটিআরসি ১৫ মে অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডউইথ আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) নির্দেশনা দেয়। পরে বিভিন্ন মহলের সমালোচনায় ১৯ মে এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়। বৈঠক সূত্র জানায়, বিটিআরসি কমিটির কাছে অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডউইথ আপলোড গতি কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে। কিন্তু কমিটি তাদের যুক্তি গ্রহণ করেনি। কমিটির সদস্যরা বলেছেন, কী পরিমাণ ভিওআইপি কল আসা-যাওয়া করে, তা ইনকামিং ও আউটগোয়িং কলরেকর্ড থেকেই জানা সম্ভব। সে জন্য ব্যান্ডউইথের গতি কমানোর দরকার নেই। আবদুস ছাত্তারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস ও মোয়াজ্জেম হোসেন অংশ নেন।