ব্যাপক উত্সাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদ্যাপন
ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উত্সবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদ্যাপন করেছে। গতকাল বুধবার ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সনাতনভক্তরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পূজা করেন। পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল আনন্দঘন পরিবেশ। সনাতনভক্তরা বিশ্বাস করেন, দেবী সরস্বতীর আরাধনায় বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান লাভ হয়। বিদ্যাদেবীর আরাধনায় গতকাল সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল বিদ্যার্থী-শিক্ষার্থীদের ভিড়। রাজধানীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, গত মঙ্গলবার রাত নয়টা ৩০ মিনিটে প্রতিমা স্থাপন করেন ভক্তরা। এরপর দেবীর পূজা দিতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করতে শুরু করেন শিক্ষার্থী ও ভক্তরা। সকালে পূজারি-ভক্তরা উপবাস পালন করে পলাশ ফুল, বেলপাতা, দূর্বাসহ দেবীর পদতলে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা শুরু করেন। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজারি-ভক্তদের ভিড়ের কারণে নির্ধারিত সময়ের পর দুপুরেও অঞ্জলি নিবেদন করতে দেখা গেছে। অঞ্জলি নিবেদন শেষে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে দিনভর প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া মা-বাবারা তাঁদের ছোট্ট শিশুকে পড়ালেখা শুরুর জন্য সকালেই মণ্ডপে গিয়ে পূজা করে হাতেখড়ি দিয়েছেন। গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জগন্নাথ হলে দেশি-বিদেশি দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী শর্মিষ্ঠা কৈরালা, কৃতি ভুজু ও সৃজানা আচার্য্য প্রথম আলোকে বলেন, ‘নেপালেও সরস্বতী পূজা হয়। তবে ঢাকার জগন্নাথ হলের এই অভিজ্ঞতা একেবারেই ব্যতিক্রম। এখানে একসঙ্গে এত মণ্ডপে পূজা হয় এবং প্রতিটি মণ্ডপের সাজসজ্জায় এত সৃজনশীলতা, যা এককথায় অসাধারণ।’ শর্মিষ্ঠা বলেন, ‘এটি উদ্ভাবনী ও সৌন্দর্য সৃষ্টির এক অনিন্দ্যসুন্দর প্রতিযোগিতা।’ এখানে দেখা গেল, কম্পিউটার বিভাগের প্রতিমা স্থাপন করা হয়েছে একটি বিশাল কম্পিউটার মনিটর আকৃতির মণ্ডপের মধ্যে। ব্যবস্থাপনা বিভাগের মণ্ডপ তৈরি হয়েছে কলাগাছ দিয়ে রাজপ্রাসাদের আদলে। আর পুকুরের মধ্যে বাঁশের মঞ্চ করে চারুকলার শিক্ষার্থীদের তৈরি বিশাল আকৃতির অনিন্দ্যসুন্দর প্রতিমা দেখতে শত শত ভক্ত-দর্শক ভিড় করেছে সারা দিন। সন্ধ্যার আলোকসজ্জায় ঝলমলে হয়ে ওঠে গোটা জগন্নাথ হল প্রাঙ্গণ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা মণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগে এবারই প্রথম পৃথক ২০টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইডেন কলেজসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে একইভাবে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।