ব্যাপক চর্চার মাধ্যমে আদিবাসীদের সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে
গ্রাম থেকে শহর, সাধারণ কথাবার্তা থেকে গান, গল্প ও নাটকে মৌলিক শব্দগুলোর ব্যাপক ব্যবহার ও চর্চার মাধ্যমে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে। নিজেদের বৃত্তে আগ্রাসী ভাষাগুলোকে ব্যবহার করলে আদিবাসী ভাষাগুলো সংরক্ষণ ও প্রচার সম্ভব হবে না বলে মনে করেন আদিবাসী সংস্কৃতিকর্মী ও ভাষা গবেষকেরা। গতকাল শনিবার সকাল ১০টায় ‘আদিবাসীদের মাতৃভাষা-সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে লোকজ এবং আধুনিক সঙ্গীতের ভূমিকা’ শীর্ষক সাংস্কৃতিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি সংস্থা ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর (সিআইপিডি) ব্যবস্থাপনায় ‘এমপাওয়ারমেন্ট অব জুমিয়া কমিউনিটি অ্যান্ড প্রিজার্ভেশন কালচার’ প্রকল্পের আওতায় সংগঠনটির সমেঞ্চলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাষা গবেষক বিজ্ঞান্তর তালুকদার। সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগীতশিল্পী রঞ্জিত দেওয়ান, চারুশিল্পী ও লেখক রতিকান্ত তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরা, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা ও ভাষা গবেষক শুভ্রজ্যোতি চাকমা, নাট্যকার মৃত্তিকা চাকমা, কবি শিশির চাকমা, প্রকল্পের সমন্বয়কারী দয়াল কান্তি চাকমা প্রমুখ।