
ব্যাপক নিরাপত্তার মধ্যেই উৎসব আমেজে সারা দেশে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বোধন, আমন্ত্রণ, অধিবাস এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব শুরু হয়। আজ পালিত হবে মহাসপ্তমী। আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরীতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাব ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
গতকাল ঢাকেশ্বরীসহ ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ভক্তদের ভিড় দেখা গেছে। মন্দিরের সামনের মাঠজুড়ে প্যান্ডেল স্থাপন ও সাজসজ্জা করা হয়েছে। পলাশীর মোড় থেকে ঢাকেশ্বরী পর্যন্ত রাস্তায় আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল কথা হয় সরকারি একটি কলেজের শিক্ষক দীপক কুমার বিশ্বাসের সঙ্গে। ছোট্ট দুই মেয়েকে নিয়ে তিনি পূজা দেখতে এসেছেন। আলাপকালে প্রথম আলোকে তিনি বলেন, ‘নিরাপত্তা বেশি। তবে পরিবেশ ভালো। উৎসব আমেজ নষ্ট হয়নি।’
পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, আজ সপ্তমী পূজা শুরু হবে সকাল ৭টা ২৫ মিনিটে। কাল রোববার ৯ তারিখ মহাষ্টমী। এদিন কুমারী পূজা ও সন্ধিপূজা হবে। ১০ তারিখ মহানবমী পূজা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে ১১ অক্টোবর মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের হিসাব অনুযায়ী, এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী-অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মণ্ডপে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল গতকাল রাতে প্রথম আলোকে জানান, ‘প্রথম দিনে গতকাল সারা দেশে কোথাও কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই পূজা শুরু হয়েছে।’
জঙ্গি-সন্ত্রাসীরাই সংখ্যালঘু: গতকাল সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যাঁর যাঁর ধর্ম তিনি পালন করছেন। এখানে কোনো সংখ্যালঘু নেই। যারা জঙ্গিবাদে জড়িত, যারা বোমাবাজি করে, মানুষ হত্যা করে, তারাই এখানে সংখ্যালঘু।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন অসাধারণ সব পূজামণ্ডপ হচ্ছে। আমার কলকাতার বন্ধুরা আমাকে বলে একবার পূজায় আসুন। আমি তাদের বলি নিজের দেশের পূজামণ্ডপগুলোই তো ঘুরে শেষ করতে পারি না।’
পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তা নিয়েছে তাতে জঙ্গি বা দুষ্কৃতি হামলার কোনো আশঙ্কা নেই বরং নিশ্চিন্তে সবাই উৎসব করতে পারবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডি এন চ্যাটার্জি। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল।