ব্যাপক নিরাপত্তায়ও আতঙ্ক
নিরাপত্তাব্যবস্থা ছিল নজিরবিহীন। নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট, সরকারি দলের কর্মী-সমর্থক মিলিয়ে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২০ থেকে ৪০ জন লোক উপস্থিত ছিলেন। তবে যাঁদের জন্য এই আয়োজন অর্থাৎ ভোটার, তাঁরাই ছিলেন কম। ভোটকেন্দ্রসহ আশপাশের সড়কে ছিল জামায়াত-শিবিরের কর্মীদের উপস্থিতি। এ চিত্র সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের।
এই আসনের ২০টি কেন্দ্র ঘুরে মাত্র তিনটিতে সারি ধরে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। বাকি কেন্দ্রগুলো ছিল প্রায় শূন্য। এই আসনে মোট কেন্দ্র ১১৬টি।
এই আসনের দুই প্রার্থী হলেন ১৪ দল মনোনীত ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা লুৎফুল্লাহ ও ‘সৈনিক লীগের’ সরদার মুজিব।
নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যুবলীগের নেতা শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হলেও সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়।
সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের পুরোনো ঘাঁটি হিসেবে পরিচিত। তিন লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে সংখ্যালঘু ভোটার ৬০ হাজার। তাঁদের বেশির ভাগই নৌকা প্রতীকের সমর্থক। কিন্তু সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত সরেজমিনে ২০টি কেন্দ্রের মধ্যে ১৭টিতে ১০ থেকে ১৫ শতাংশ ভোট পড়তে দেখা গেছে। তালার গাছা, রাজাপুর ও খলিশখালী ইউনিয়নের তিনটি কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত অর্ধেকের মতো ভোটার ভোট দিয়েছেন বলে সেখানে দায়িত্ব পালনকারী নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
তবে তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রে এবং আশপাশের এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা অবরোধ করে রাখেন। এর মধ্যে নাংলা ডিগ্রি আলিম মাদ্রাসা কেন্দ্র সকাল থেকে দুপুর পর্যন্ত জামায়াতের কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দখল করে রাখেন। সেখানে একজন ভোটারকে অপহরণ করে নিয়ে যান তাঁরা। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইসলামকাঠি ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্র এবং সেখানকার আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর অবরোধ করে রেখেছিলেন জামায়াতের কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক দফায় সেখানে যাওয়ার চেষ্টা করেন। তবে জামায়াতের কর্মীরা রাস্তায় গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে রাখেন। ইসলামকাঠি ইউনিয়নে ভোট দিয়ে বাড়িফেরা সংখ্যালঘু পরিবার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের বাড়িতে ফিরতে পারেননি। রাতে তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হতে পারে বলে তাঁদের আশঙ্কা। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান দাবি করেছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সবখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন।
সন্ধ্যার পর তালা ও কলারোয়ার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে বেশির ভাগ সড়ক ও বাজার ছিল জনমানবশূন্য। যেকোনো সময় হামলা এবং সহিংসতার আশঙ্কা করছেন তাঁরা। সন্ধ্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপজেলা কার্যালয়ের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। ফলে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক নিরাপত্তার অভাব বিরাজ করছে বলে সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরাই জানিয়েছেন।