ব্যাপক যোগাযোগ নেটওয়ার্কে অর্থনীতি সচল রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারা দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে বলেই এখনো দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তিনি বলেন, ‘আরও অনেক কাজ আমরা শুরু করেছি। সেগুলোও সম্পন্ন করব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের পর ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি।’
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা, নারায়ণগঞ্জ ও যশোরে তিনটি সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সরকারের সাফল্য প্রসঙ্গে বলেন, ‘দারিদ্র্যসীমা যেমন আমরা কমিয়ে এনেছি, মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। গ্রামপর্যায় পর্যন্ত মানুষের জীবনমান যে উন্নত করা যায়, সেটাও আমরা প্রমাণ করেছি।’
শেখ হাসিনা আরও বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ–সুবিধা নিশ্চিত করা এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ, বিদেশ থেকে বিনিয়োগ আনার ব্যবস্থা, সর্বোপরি অর্থনীতির চাকাটা যাতে সব সময় সচল থাকে, সেসব দিকে বিশেষভাবে নজর দিয়েই তাঁর সরকার পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু হঠাৎ করেই কিছু করিনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখনো কিন্তু আমাদের পরিকল্পনা ছিল। কেননা, জাতির পিতা আমাদের যে সংবিধান দিয়ে যান, সেখানে দেশের মানুষের উন্নয়নের কথা, মৌলিক চাহিদাগুলো বাস্তবায়নের কথা স্পষ্টভাবে বলে যান। কাজেই, যখনই সরকারে এসেছি, পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নিয়েছি এবং যার সুফল এখন দেশের মানুষ পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই তিনটি সেতু মহম্মদপুর, রূপগঞ্জ ও অভয়নগরবাসীর জন্য মুজিব বর্ষের উপহার।’
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সম্পর্কে জনগণকে পুনরায় সচেতন করে দিয়ে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন, সেগুলো হলো মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মধুমতী নদীর ওপর এলাংখালী ঘাটে ৬০০ দশমিক ৭০ মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর ওপর ১০০০০ মিটার চেইনেজে ৫৭৬ দশমিক ২১৪ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সেতু এবং যশোর জেলার অভয়নগর উপজেলায় সড়ক ও জনপথের যশোর-খুলনা সড়কের ভাঙ্গাগেট (বাদামতলা) থেকে আমতলা জিসি ভায়া মরিচা, নাউলী বাজার সড়কে ভৈরব নদীর ওপর ৭০২ দশমিক ৫৫ মিটার দীর্ঘ সেতু।
এ ছাড়া পাবনায় ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন এবং পাবনা প্রান্ত থেকে স্বাধীনতা চত্বর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী বক্তব্য দেন।
গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে নবনির্মিত তিনটি সেতু এবং ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর’–এর ওপর পৃথক দুটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।