ব্যারাকের পেছনে রশি পাকান দুই র‍্যাব সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় র‍্যাবের আরও দুই সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাঁরা সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন।
গতকাল সাক্ষ্য দেন র‍্যাব-১১-এর সৈনিক মিলন হোসেন ও নায়েক নাজিম উদ্দিন। এ সময় আদালতের কাঠগড়ায় ২৩ আসামি উপস্থিত ছিলেন।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মিলন হোসেন বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে একটি নীল রঙের মাইক্রোবাসে মেজর আরিফ ও তাঁর লোকজন সাদাপোশাকে ক্যাম্প থেকে বেরিয়ে যান। ওই দিন বেলা তিনটায় হাবিলদার এমদাদ ও ল্যান্স নায়েক বেলাল ক্যাম্পে ফিরে আসেন। তাঁদের দুজনকে বিকেল সাড়ে চারটার দিকে ব্যারাকের পেছন দিকের ফাঁকা জায়গায় রশি পাকাতে দেখেন মিলন। সন্ধ্যা সাতটায় রোল কলের সময় এমদাদ ও বেলাল হাজির হননি। রাত সাড়ে নয়টার দিকে কাজ শেষ করে ব্যারাকে গিয়ে ঘুমিয়ে পড়েন মিলন।
অন্য সাক্ষী হাবিলদার নাজিম উদ্দিন আদালতকে বলেন, সাতজনকে অপহরণের সময় তিনি মেজর আরিফের গাড়িতে ছিলেন। তিনি বলেন, ‘অপহরণের পর মেজর আরিফ স্যারের নির্দেশে আমি সাদা রঙের প্রাইভেটকারটি ডেমরা হয়ে গাজীপুরের জয়দেবপুর এলাকায় রাস্তায় পাশে ফেলে রেখে বাস ও সিএনজিযোগে রাত ১০টায় ক্যাম্পে ফিরে আসি।’
নারায়ণগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, আদালত পরবর্তী সাক্ষ্য প্রদানের তারিখ ধার্য করেছেন আগামী ১১ জুলাই।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন আরেকজনের লাশ একই জায়গা থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে গত বছরের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। এখনো পলাতক ১২ জন।