
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলক্রসিংয়ের ব্যারিয়ার এক বছর আগে নষ্ট হয়ে যাওয়ায় সেটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর আজও সেটি পুনঃস্থাপিত হয়নি। এতে ওই রেলক্রসিংয়ে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
বিরামপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ওই রেলক্রসিং দিয়ে দিন ও রাতে সাতটি আন্তনগর ও দুটি সাধারণ ট্রেন রাজশাহী-খুলনা ও ঢাকা রুটে চলাচল করে।
গত শনিবার বেলা সোয়া ১১টার দিকে ওই রেলক্রসিংয়ে দেখা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেন আসার খবর মুঠোফোনে পেয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান আসাদুল ইসলাম রেলগেটের দুই পাশে শিকল লাগিয়ে দেন। এর মধ্যেই মোটরসাইকেলের অনেক চালক শিকল খুলে ঝুঁকি নিয়ে রেললাইন পার হন। নিষেধ করায় আসাদুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন অনেকে। যে শিকলটি রয়েছে, সেটিও পুরোনো। সেটিতে কোনো রং না থাকায় রাতে দেখা যায় না।
আসাদুল বলেন, ব্যারিয়ার না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এ রেলক্রসিংটি। তিনি একাই দায়িত্ব পালন করেন। এ কারণে ট্রেন এলে তাঁকে যেকোনো এক পাশে থাকতে হয়। অন্য পাশে কেউ না থাকায় রাতের বেলা মাঝেমধ্যেই যানবাহনগুলো শিকল ছিঁড়ে রেললাইনে উঠে পড়ে। গত শীতে ঘন কুয়াশায় প্রায়ই এ ধরনের সমস্যা হতো। গত এক বছরে অনেকবার বিভিন্ন ধরনের যানবাহন রেলক্রসিংয়ের দুই পাশে লাগানো শিকল ছিঁড়ে রেললাইনে উঠে পড়ে। এ ছাড়া তাড়াতাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেলের চালকেরা শিকল খুলে ফেলেন। মোটরসাইকেলের চালকেরা শিকল খুলে ফেলায় অনেক সময় বড় যানবাহনগুলোও সংকেত অমান্য করে রেললাইন পার হয়।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বিরামপুর স্ট্যান্ড শাখার সভাপতি এমদাদুল হক বলেন, রাতের বেলায় শিকল দেখতে না পারায় ওই রেলক্রসিং দিয়ে মেইল সার্ভিসসহ দ্রুতগতির যানবাহনগুলো প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে। দিনাজপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে বিরামপুর হয়ে বিভিন্ন রুটে প্রতিদিন দুই হাজারের বেশি বড় যানবাহন চলাচল করে। ওই রেলক্রসিংয়ে ব্যারিয়ার না থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিরামপুর রেলস্টেশনের মাস্টার এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘোড়াঘাট রেলক্রসিংটি ব্যস্ততম হওয়ায় সেখানে ডিজিটাল ব্যারিয়ার লাগানো হবে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।