ব্যালট ছিনতাই, প্রকাশ্যে সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা ও সংঘর্ষসহ নানা ঘটনার মধ্য দিয়ে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়েছে। অনিয়মের অভিযোগ পাওয়ায় একটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে জেলা প্রশাসন।
সকাল সাড়ে নয়টায় সরেজমিনে দেখা গেছে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী নাওঘাট দারুল কুরআন মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্র দখলে নিয়ে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছেন। এ কেন্দ্রে সকাল সাড়ে ১০টার পর কেউ চেয়ারম্যান পদে ভোট দিতে পারেননি বলে ভোটাররা অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল ১০টার পরপর চেয়ারম্যানদের ব্যালট পেপার শেষ হয়ে যায়।
সকাল পৌনে ১০টার দিকে গিয়ে দেখা যায়, জেলা যুবলীগের একদল নেতা-কর্মী নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিয়ে সাতটি বুথের সব কটিতেই নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছেন। এ কারণে এ কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু বিকেলে এ কেন্দ্রের নির্বাচন চূড়ান্তভাবে স্থগিত করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাপুর বর্ণমালা কিন্ডারগার্টেন কেন্দ্র দখল নিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। বেলা তিনটার দিকে আশুগঞ্জ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তবে এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, বাইরে সংঘর্ষ হলেও ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি।