ব্যালট ছিনতাই সংঘর্ষ, পুলিশের গুলি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভার তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যালট পেপার ছিনতাই, জোর করে সিল মারা, পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০০টিরও বেশি গুলি ছোড়ে এবং একজনকে আটক করেছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে হবিগঞ্জ শহরের জেলা পরিষদ কেন্দ্রে বহিরাগত লোকজন একটি নারী বুথের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এ সময় কেন্দ্রে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মিজানুর রহমান ও তাঁর সমর্থকেরা এলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের লোকজন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারহানা রহমান ও ক্যামেরাম্যানসহ অন্তত তিনজন সাংবাদিককে মারধর, লাঞ্ছিত ও ক্যামেরা ছিনিয়ে নেন।
সরেজমিনে আরও দেখা যায়, বেলা পৌনে একটার দিকে হবিগঞ্জ বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের একদল কর্মী ব্যালট পেপার ছিনিয়ে নেন। তাঁরা কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ ১০০টিরও বেশি গুলি ছোড়ে। এতে ভোটাররা ছোটাছুটি শুরু করেন। কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল ফাটানোর আওয়াজ পাওয়া যায়।