ব্যালট ছিনতাই, কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। সংঘর্ষে অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি ও দশমিনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। সদর উপজেলার একটি ও দশমিনার তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকাল ১০টার দিকে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করলে ধানের শীষের সমর্থকেরা ওই কেন্দ্রে হামলা চালান। একপর্যায়ে কেন্দ্রের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পাঁচটি ভোটের বাক্স ও আসবাবে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মৃণাল কান্তি বড়ালসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এদিকে বেলা দুইটার দিকে মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের প্রার্থী তাঁর সমর্থকদের নিয়ে দশমিনার সৈয়দ জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল মাহমুদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থী গৌতম রায়সহ অন্তত আটজন আহত হন। গুরুতর আহত গৌতম রায়কে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট ছিনিয়ে নিয়ে তাতে অগ্নিসংযোগ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ইউনিয়নের এই তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
মির্জাগঞ্জের মাধবপুর ইউনিয়নের রামপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল আজিজ মৃধার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন।
দুমকির পাঙ্গাশিয়ার নলদোয়ানি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট গ্রহণের শেষ পর্যায়ে বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবির বলেন, যেসব কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে সেসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।