ব্যালট ছিনতাই হলে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে গুলির ব্যবহার হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সহিংসতা বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাচনে সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির ১৩১ ধারা অনুসারে ক্ষমতা প্রয়োগেরও অনুরোধ জানায় কমিশন।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল শনিবার বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচনী অনিয়ম ও সহিংসতারোধে কঠোর হওয়ার জন্য গতকাল কমিশন সচিবালয় থেকে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় ধাপে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর কমিশন এ সিদ্ধান্ত নিল।
গতকাল কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) কাছে পাঠানো চিঠিতে আজ ২৩ মার্চ ও আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যেকোনো সহিংসতারোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। দাঙ্গা-হাঙ্গামা বা আইনশৃঙ্খলা পরিপন্থী ঘটনা নজরে আসামাত্র সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ১৩১ ধারা অনুসারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।
ফৌজদারি কার্যবিধির ১৩১ ধারায় বলা আছে, জননিরাপত্তা বিঘ্নিত হলে এবং ওই অবস্থায় কোনো ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে, সেনাবাহিনীর কোনো কমিশনপ্রাপ্ত কর্মকর্তা গোলযোগপূর্ণ এলাকায় সামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনী আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করতে পারবেন। তবে ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করবেন।
২০০৮ সালের উপজেলা আইনে সশস্ত্র বাহিনী নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল এবং সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা ছিল। বর্তমান সরকার ২০০৯ সালে এ আইন বাতিল করে ১৯৯৮ সালের আইনটি বলবৎ করে। ফলে এখন নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত নয়। এ জন্য কমিশন সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির আওতায় দায়িত্ব পালনের জন্য চিঠি দিতে হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সিইসি আবদুল মোবারক বলেন, আজকের নির্বাচনে যাতে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য কমিশন সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র‌্যাবের প্রধান এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেছে। কোথাও কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে গুলির ব্যবহার হবে। এতে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবেন, এটা কমিশনের কাম্য নয়। তিনি বলেন, সহিংসতা চালাতে কেউ কালো হাত বাড়ালে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, সেনাবাহিনীর এই ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে গতকাল চিঠি দেওয়া হয়েছে।
আবদুল মোবারক জানান, উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকার কথা নয়। কিন্তু দলগুলো তাদের সদর দপ্তর থেকে প্রার্থীদের মরিয়া হওয়ার জন্য উৎসাহিত করছে। সে জন্য নির্বাচনে সহিংসতা হচ্ছে। জয়লাভের জন্য প্রার্থী-সমর্থকেরা এতটা সহিংসতা চালাবেন, তা কাম্য নয়।
ভারপ্রাপ্ত সিইসি আরও বলেন, ‘দলগুলোর আচরণ নির্বাচনের জন্য সহায়ক নয়। যদি রাজনৈতিকভাবে নির্বাচন করতে হয়, সে জন্য সংসদে আইন সংশোধন করুক। আশা করি, সামনের নির্বাচনে রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।’
ছয় এসপি বদলি: নির্বাচন কমিশন ভোটের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে ঢাকা, যশোর, খুলনা, নোয়াখালী, লালমনিরহাট ও বরিশালের পুলিশ সুপারকে (এসপি) বদলির অনুমতি দিয়েছে।
নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া নির্বাচনের দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা যায় না।
কমিশন সচিবালয় সূত্র জানায়, নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোরে, যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে পুলিশের উপকমিশনার করে ঢাকা মেট্রোপলিটনে, খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানকে পুলিশের উপকমিশনার করে বরিশাল মেট্রোপলিটনে, লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমানকে খুলনায়, ঢাকার পুলিশের উপকমিশনার ইলিয়াছ শরীফকে নোয়াখালীতে এবং বরিশালের পুলিশের উপকমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সুপার করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।
সিইসির উদ্বেগ: কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে সহিংসতার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে ২১ মার্চ ই-মেইল করেছেন। তিনি চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু করার জন্য মাঠ কর্মকর্তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। কাজী রকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।