ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ভরার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে গত রোববার রাতে তালতলী থানায় মামলাটি করেন। মামলায় মনিরুজ্জামান ছাড়াও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, ১৯ মে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল সাড়ে আটটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান তাঁর ১০-১২ জন সমর্থক নিয়ে গাবতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢোকেন৷
তাঁরা নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০টি ব্যালট ছিনিয়ে নিয়ে তাঁর (মনিরুজ্জামান) আনারস প্রতীকে সিল মেরে বাক্সে ভরেন৷
মনিরুজ্জামানের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।