ফরিদপুরে সদরপুর উপজেলায় এক পরাজিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে। গত রোববার এ ঘটনা ঘটে। এ সময় তারা ব্যালটভর্তি বস্তা ছিনতাইয়ের চেষ্টা করে এবং বিজয়ী প্রার্থীর ছয় কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ব্যালটভর্তি বস্তা ছিনতাই চেষ্টার কাজে সহায়তা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অগ্রণী ব্যাংক সদরপুর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা দাদন মুন্সিকে (৫৬) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আহতরা হলেন ইলিয়াস, আলমগীর, বেলাল, জাহাঙ্গীর, সরোয়ার ও মাসুদ। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে জানা গেছে, গত রোববার চরমানাইর ইউনিয়নের আফসার মুন্সিরকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা। এতে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন হুমায়ুন মুন্সি (মোরগ প্রতীক)। নান্নু মুন্সিসহ (নলকূপ প্রতীক) অপর চার প্রার্থী পরাজিত হন। সদরপুর থানার উপপরিদর্শক মো. আতিয়ার রহমান জানান, পরাজয়ের পর নান্নু মুন্সির বড় ভাই পোলিং এজেন্ট দাদন মুন্সি জানালা দিয়ে বহিরাগতদের কেন্দ্রের ভেতরে আসতে বলেন। তারা এসে ভোটের বস্তা ছিনতাইয়ের চেষ্টা করে ও কুপিয়ে সাতজনকে জখম করে। পরে পুলিশ দাদন মুন্সিকে গ্রেপ্তার করে। রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান দাদন মুন্সিকে কারাদণ্ড দেন।সদরপুর থানার ওসি মো. আলী বিশ্বাস জানান, একজনকে শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।