সিরাজগঞ্জের উল্লাপাড়া, চৌহালী, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট, জোর করে ব্যালটে সিল দেওয়াসহ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে ৮ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন।
শাহজাদপুরের কৈজুরী ইউপির পাথালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার সদর ইউপিতে কারচুপির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বেলা সোয়া ১১টার দিকে পাথালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একদল বহিরাগত ব্যক্তি জোর করে ঢুকে সব ব্যালট ছিনিয়ে নিয়ে যান। ব্যালটে সিল মেরে এক ঘণ্টা পর তাঁরা সেগুলো বাক্সে ঢোকান।
সকাল সাড়ে ১০টার দিকে চৌহালী উপজেলার ঘোরজান ইউপির হাট ঘোরজান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২৬টি গুলি ছোড়ে। এতে ২০ জন আহত হন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ভোট বন্ধ থাকে।
উল্লাপাড়া উপজেলা সদর ইউপিতে কারচুপি, জোর করে ব্যালটে সিল মারাসহ নানা অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন বর্জন করেন।
উল্লাপাড়ার বড়-পাঙ্গাসী ইউপির হাওরা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে প্রভাব বিস্তার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকবাল আক্তার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনকে পাঁচ হাজার এবং জাকিরুল ইসলাম ও রাসেদুল ইসলামকে চার হাজার টাকা করে জরিমানা করেন।
কাজীপুর উপজেলার সদর ইউপিতে ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
বিএনপির প্রার্থী সাজেদুর রহমান বলেন, ‘অনেক আগে থেকেই হুমকি-ধমকি দেওয়ায় আমরা কেউই ভোটকেন্দ্রে যাইনি।’
হাটিকুমরুল ইউপির চরিয়াকান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকার প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার সময় উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সলঙ্গা ইউপির বনবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকেরা তাঁদের প্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল মেরে বাক্সে ফেলেন। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শুধু সাধারণ ও নারী সদস্য প্রার্থীর পক্ষে ভোট গ্রহণ করেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হুদা সরকার বলেন, সকালে তিনি ব্যালট পেপারে সই করে দিয়েছেন। পরে কেন্দ্রের মধ্যে কী হয়েছে তা তিনি জানেন না। চেয়ারম্যান প্রার্থীর ব্যালট বাকি রেখে ইউপি সদস্য প্রার্থীর পক্ষে ভোট গ্রহণের কথা তিনি স্বীকার করেন।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, প্রশাসন জোরালো অবস্থানে থাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।