ব্যালট পেপার ছিনতাই সংঘর্ষ, জরিমানাইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দিনে গতকাল রোববার ২১ জেলার ১৮৪ ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। অধিকাংশ ইউনিয়নেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও কয়েকটি স্থানে ব্যালট পেপার ছিনতাই ও প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে জেল-জরিমানা করেছেন। কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টায় বাগাদী ইউনিয়নের গনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ ও বেলায়েত হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টায় বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতর অধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন ও নাছির আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ মোশারফ হোসেনকে আটক করে। পরে আদালত তাঁকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। কুমিল্লা: সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের সানিচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম ৫০-৭০ জন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ১ ও ৬ নম্বর বুথ থেকে ব্যালট বাক্স ছিনতাই করেন। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজন তাদের বাধা দিলে আবুল হাসেমের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে অবস্থানরত সাংবাদিক ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় প্রশাসন ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম খান ভোট গ্রহণ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।সিলেট: কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জ রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে চেয়ারম্যান প্রার্থী বাছির মিয়ার সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসু মিয়া চৌধুরীকে মারধর করে। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় বাছির মিয়ার দুই এজেন্টকে আটক করা হয়েছে।