ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট, সাংবাদিকদের লাঞ্ছিত করাসহ নানা সহিংস ঘটনার মধ্য দিয়ে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা, চাঁদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, মৌলভীবাজার ও শেরপুরে ১১৯টি কেন্দ্রে হট্টগোল হয়েছে। কারচুপির অভিযোগ থাকায় এবং সংঘর্ষ হওয়ায় ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ১৭টি স্থানে হামলা ও সংঘর্ষে ৭৩ জন আহত হয়েছে।
জামালপুরের সদর, দেওয়ানগঞ্জ; চাঁদপুরের মতলব ও কচুয়া, কিশোরগঞ্জের ভৈরব ও বাজিতপুর; টাঙ্গাইলের মধুপুর, গোপালপুর ও সখীপুরে এবং কুমিল্লার চান্দিনায় বিএনপিসহ বিভিন্ন দলের ১১ জন মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কশামী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে ২৬টি ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অনুসারীরা। বেলা একটায় পুলিশের উপস্থিতিতে ওই ঘটনা ঘটে। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা গিয়ে ওই ব্যালট পেপার উদ্ধার করেন। প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ১ হাজার ২০০ ব্যালট পেপারে নৌকা প্রতীকে মধ্যরাতে সিল মারার ঘটনায় কুমিল্লার বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক শিলমূড়ি উত্তর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। গত মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ওই সিল মারার ঘটনা ঘটে।
দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটার দিকে ৫ থেকে ১০টি পাতা থাকা চারটি ব্যালট পেপারের বই ছিনতাই হয়। এতে ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ভোট গ্রহণ চালু করেন। বেলা দুইটার দিকে বাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী শহীদ উল্লাহ মুন্সী ও মো. শামীমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): হোমনার বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. ছানাউল্লাহ সরকার অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন প্রশাসনের সহায়তায় গোয়ারীভাঙ্গা, লটিয়া, পূর্ব শ্রীমদ্দি, শ্রীমদ্দি মাদরাসা, হোমনা সরকারি উচ্চবিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় দখল করে ভোট কারচুপি করেছে। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’ আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল বলেন, কোনো কেন্দ্র দখল কিংবা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল করার চেষ্টা করলে স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল হকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
মৌলভীবাজার: ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার চেষ্টাকে কেন্দ্র করে মৌলভীবাজার পৌরসভার ১৪টি কেন্দ্রের মধ্যে অন্তত ১১টি কেন্দ্রে গোলযোগের অভিযোগ করা হয়েছে। বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের তিনটি ফাঁকা গুলি বর্ষণ, আধা ঘণ্টা নির্বাচন বন্ধ এবং পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। মৌলভীবাজার পৌরসভার বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই দফা গোলযোগ হয়েছে। প্রথম দফায় বেলা ১১টার দিকে এবং দ্বিতীয় দফায় একটার দিকে। প্রথমবার একদল যুবক কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে চাইলে যুবকেরা এসএ টিভির জেলা প্রতিনিধি পান্না দত্তের ক্যামেরা ছিনিয়ে ক্যামেরার ব্যাটারি খুলে নেন। এতে বাধা দিতে গেলে কালের কণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুব, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর জেলা প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, সময় টিভির শাহ অলিদুর রহমান ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মাহবুবুল আলম রাহেলকে লাঞ্ছিত করা হয়। কাশীনাথ-আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় বিএনপির কর্মী ছাদিকুর রহমান আহত হয়েছেন।
জামালপুর: জামালপুর পৌরসভায় ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে বেশির ভাগ কেন্দ্র দখল, বেলট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর। ভোট শুরুর মুহূর্ত থেকেই বেশির ভাগ কেন্দ্র থেকে সাধারণ ভোটারদের ও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া ও মারধরের ঘটনায় বিভিন্ন কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থক ও সাধারণ কাউন্সিলরদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এসব ঘটনায় সকাল ৮টা থেকে ১০টার মধ্যেই বানিয়াবাজার উচ্চবিদ্যালয়, আজাদ সরকরি প্রাথমিক বিদ্যালয় ও ছোনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে কেন্দ্র দখল ও সিল মারার অভিযোগে জাতীয় পাটির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান সকাল নয়টার সময় ভোট বর্জন করেন। দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহনেওয়াজ শাহানশাহর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোট গ্রহণের শুরুতেই বিএনপির এ কে এম মুসা ও স্বতস্ত্র মেয়র প্রার্থী শেখ মোহাম্মদ নূরুন্নবীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন। বেলা ১১টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ মোহাম্মদ নূরুন্নবী প্রকাশ্যে সিল, কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।
সরিষাবাড়ী (জামালপুর): পুলিশ ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অপরাধে সরিষাবাড়ীতে পৌরসভা নির্বাচনে বাংগালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে কাউন্সিলর প্রার্থী রকিবুল ইসলামকে পুলিশ আটক করেছে। পৌরসভার শিমলাপল্লী সাইদুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির সমর্থক ও এজেন্ট টিটু মিয়াকে (৩৮) সকাল সাড়ে সাতটায় মুখোশধারী দুর্বৃত্তরা ছুরি মেরে আহত করেছে।
চাঁদপুর: বেলা ১১টায় ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়ারা মহিলা মাদ্রাসা কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি গুলি ছোড়ে পুলিশ। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা মোতাহের হোসেন পাটোয়ারীসহ নয়জন আহত হয়। কচুয়া পৌরসভায় বিএনপির প্রার্থী হুমায়ন কবির প্রধান অভিযোগ করেন, তাঁদের সমর্থকদের ভোট প্রদানে বাধা দেয়া হয়েছে। তিনি বিকেলে নির্বাচন বর্জন করেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর ছাড়া বাকি সাতটি পৌরসভায় বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সব পৌরসভাতেই কারচুপির অভিযোগ উঠেছে। সকাল সাড়ে আটটায় ভূঞাপুরের ১ নম্বর ওয়ার্ডের বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চলের ওপর আওয়ামী লীগের সমর্থকেরা হামলা চালিয়েছেন। সকাল ১০টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের ভূঞাপুর মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর আধিপত্য বিস্তারের সময় সংঘর্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, কাউন্সিলর প্রার্থী আরিফ হোসেন তরফদার রুবেলসহ পাঁচজন আহত হন। সখীপুরে কারচুপির অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী আয়নাল হক বেলা তিনটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ পৌরসভায় বিএনপির প্রার্থী মো. নাসির উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন বিকেল চারটার দিকে পুনরায় নির্বাচনের দাবি জানান। টাঙ্গাইল পৌরসভার ১৬টি কেন্দ্রে কারচুপির অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানু। বেলা তিনটার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এই অভিযোগ করেন বলে জানান।