ব্যালট বাক্স ছিনতাই, আহত ১০
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে স্থানীয় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।এ সময় পরিস্থিতি সামাল দিতে আটটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে ওই ভোটকেন্দ্রে গিয়ে জালভোট দেওয়ার চেষ্টা করেন মাইদধর গ্রামের হাফিজুল ইসলাম। তিনি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার মোল্লার সমর্থক। এ সময় প্রতিদ্বন্দ্বী হুমায়ূন কবীরের সমর্থক ও নির্বাচনী এজেন্টরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যে সহযোগীদের নিয়ে ভোটকেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যান হাফিজুল ইসলাম। এতে বাধা দিতে গিয়ে তিন পুলিশ সদস্য আবদুর রহমান, আবু জাফর ও মনিরুজ্জামানসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যালট বাক্সসহ হাফিজুলকে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার মণ্ডল বলেন, এ ব্যাপারে মামলা করা হবে। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।