সকাল সাড়ে ১০টা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোট হাতিয়া হাজী লক্ষ্মীবিবি সরকারি ইবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রে হানা দিয়ে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় কিছু লোক। অভিযোগ, ব্যালট বাক্সগুলোর মধ্যে পাঁচটি আওয়ামী লীগ ও অপরটি জামায়াতের লোকজন ছিনতাই করেছে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিও হয়। ঘটনার সময় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার চৌধুরীও উপস্থিত ছিলেন।
এভাবে ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে সাতকানিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জামায়াত-সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মাহফুজুর রহমানের অভিযোগ, ৫০ শতাংশ কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ। আর বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ মহিউদ্দিনের মতে, এটি প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগ কেন্দ্র দখল করে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করছে।
ভোট গ্রহণের শেষ দিকে ডেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আটটি ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হয়। মারধর করা হয় ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক পোলিং কর্মকর্তাকে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘হঠাৎ ২০ থেকে ৩০ জন লোক এসে আটটি ব্যালট বাক্স মাঠে জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা একজনকে মারধর করে; কয়েকটি গুলির শব্দও শুনেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব কারা করেছে, তা আপনারা খোঁজ নিয়ে দেখেন।’
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, সরকার-সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে।
জামায়াত-অধ্যুষিত এলাকার এই কেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় এক হাজার ভোট পড়ে। বাক্স পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের দায়ী করেছে স্থানীয় লোকজন।
ছোট হাতিয়া হাজী লক্ষ্মীবিবি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাই প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘বাক্স ছিনিয়ে নিয়েছে বলে শুনেছি।’
ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিসাইডিং কর্মকর্তা বেলাল মোহাম্মদ চৌধুরী এদিক-ওদিক ছোটাছুটি করছেন। কিছু ব্যালট বাক্স ছড়িয়ে-ছিটিয়ে আছে। বেলাল মোহাম্মদ বলেন, দুই পক্ষের লোকজন এসে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে গেছে। এ সময় গোলাগুলিও হয়।
স্থানীয় সূত্র জানায়, বেলা একটার দিকে কিছু লোক পাঁচটি ব্যালট বাক্স কেন্দ্রে এসে দিয়ে যায়। তখন পুলিশ তাদের আটক করেনি। পরে ওই কেন্দ্রে আর ভোট গ্রহণ হয়নি। ফিরিয়ে দেওয়া পাঁচটি বাক্স নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা বিকেলে নিয়ন্ত্রণকক্ষে চলে যান।
বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে ঢুকে জোর করে ভোট দিতে থাকে। এ সময় পুলিশের সহযোগিতা চেয়েও পাননি প্রিসাইডিং কর্মকর্তা আবু রায়হান মো. আশিকুর রহমান। তিনি বলেন, ‘হঠাৎ করে কয়েকজন এসে জোরপূর্বক ভোট মারতে থাকে। এ সময় আমি বাইরে থাকা পুলিশের কাছে সাহায্য চাই। কিন্তু তারা আসেনি। দখলদারেরা ২০টি ব্যালট নিয়ে গেছে।’
ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে এএসপি (সার্কেল) এ কে এম এমরান ভূঞা দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, ‘আমি প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ঢুকতে পারছি না।’ কেন্দ্রে ঢুকে দেখা যায়, ১০টি কক্ষের বাক্স একটি কক্ষে এনে জড়ো করা হয়েছে। বেলা পৌনে তিনটার দিকে আবার ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে কিছু লোক ছদাহ কে কে আহমদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে ১০৯টি ব্যালট বাক্স নিয়ে যায় বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা অরুণ কান্তি দাশ। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন এই ঘটনা ঘটায় বলে ভোট গ্রহণকারী কর্মকর্তারা জানান।
জামায়াত-অধ্যুষিত এলাকায় ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। এদিকে বেলা সোয়া তিনটার দিকে সৈয়দ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে নুরুল আবছারের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও নুরুল আবছারের বক্তব্য পাওয়া যায়নি।