ব্যালট বাক্স ছিনতাই হলে গুলি
ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে গুলির ব্যবহার হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতা এবং বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর এ চিঠি দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
নির্বাচনী অনিয়ম ও সহিংসতারোধে কঠোর হওয়ার জন্য কমিশন সচিবালয় থেকে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর কমিশন এ সিদ্ধান্ত নিল। কাল চতুর্থ দফায় ৯১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আবদুল মোবারক বলেন, ‘উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকার কথা নয়। কিন্তু দলগুলোর ভূমিকা প্রকাশ্য। দলগুলোর প্রধান কার্যালয় থেকে প্রার্থীকে উত্সাহ দেওয়া হচ্ছে। এজন্য সহিংসতা হচ্ছে।’
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে পুলিশের অতিরিক্ত আইজি, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারপ্রধানদের সঙ্গে কথা হয়েছে। কোথাও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে গুলি করা হবে। কেউ কালো হাত বাড়ালে তা গুঁড়িয়ে দেওয়া হবে। অন্যায় করলে আইনের আওতায় আনা হবে। সহিংসতা হলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে। তৃতীয় দফা নির্বাচনে যে সহিংসতা হয়েছে, এবার তা হবে না।
আবদুল মোবারক বলেন, ‘দলগুলোর আচরণ নির্বাচনে সহায়ক নয়। আশা করি রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।’