কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল রোববার একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসী হামলায় দুই ম্যাজিস্ট্রেট, পুলিশের তিন সদস্য, তিন আনসার সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।একই সঙ্গে ইউএনও এবং পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। বিকেল সোয়া পাঁচটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান বলেন, উপনির্বাচনে বিএনপি-সমর্থক প্রার্থী আবদুর রব জিলানীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যালট বাক্স নিয়ে উপজেলা সদরে ফেরার পথে মধ্যম বিজয়পুর এলাকায় পথরোধ করেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী খোরশেদ আলমের (আনারস) সমর্থকেরা। তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হান্নান, কনস্টেবল আলমগীর, বাদল বড়ুয়া, আনসার সদস্য আবদুর রশিদ, সহিদ মিয়াসহ কমপক্ষে ১২ জন আহত হন।