দৃশ্যপট -১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়ির পাশের ভোটকেন্দ্র ফেনীর ফুলগাজী সরকারি ডিগ্রি কলেজ। গতকাল রোববার সকাল আটটায় ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে এই কেন্দ্রে হামলা চালান বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীর কর্মী-সমর্থকেরা। তারা কয়েকটি বুথে ঢুকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান।
ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজের প্রবেশপথে অবস্থান নেন। এরপর দৃশ্যপট পাল্টে যায়। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী একরামুল হকের (কাপ-পিরিচ) এজেন্ট ও কয়েকজন সমর্থক ব্যালট বই নিয়ে ভোট দেওয়ার উৎসবে মেতে ওঠেন। তখন ওই বুথে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। কিন্তু কিছুক্ষণের মধ্যে কয়েকটি ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেল।
সকাল সাড়ে নয়টা থেকে প্রায় এক ঘণ্টা ওই কেন্দ্রে অবস্থানকালে দেখা গেল এসব দৃশ্য। প্রথম আলোর সাংবাদিকদের উপস্থিতির কারণে কর্মীরা প্রথমে কিছুটা বিব্রতবোধ করেন। ছবি তোলা ছাড়া তো সাংবাদিকদের আর ক্ষমতা নেই—জানাতেই কেটে গেল বিব্রতভাব। শুরু হলো ব্যালটে কাপ-পিরিচ প্রতীকে সিল মারা।
তবে একই সময়ে ওই কেন্দ্রেরই অন্য একটি বুথে একই কাজ করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েন কাপ-পিরিচ প্রতীকের কর্মী নাসিরউদ্দিন। তাৎক্ষণিকভাবে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দৃশ্যপট-২
ওই কেন্দ্রের অল্প দূরের নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, ভোটার নেই। বুথ দখল করে চলছে কাপ-পিরিচ প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ভরা। দোতলায় প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা যায়, তাঁর সঙ্গে বাগিবতণ্ডা করছেন বেশ কয়েকজন যুবক। যুবকদের দাবি, একাধিক বুথে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ায় তাঁরা ভোট দিতে পারছেন না। একপর্যায়ে কয়েকটি ব্যালট পেপার কেড়ে নিয়ে তাতে কাপ-পিরিচ প্রতীকে সিল মারতে থাকেন। তখন ছবি তুলতে গেলে ওই যুবকদের একজন বলেন, ‘দেখতে পারেন, কিন্তু ছবি তোলা যাবে না।’
দৃশ্যপট-৩
নিলখী বিদ্যালয়ের আধা কিলোমিটারের মধ্যে হাজি আমির হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢোকার পথ আগলে দাঁড়ান কয়েকজন যুবক। পরে ভেতর থেকে এসে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বললেন, ‘ভাই, বুঝেনই তো, ভেতরে পোলাপাইনরা কাজ করছে।’ পরে ওই নেতাকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে দেখা গেল, কয়েকটি বুথে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলা হচ্ছে। ব্যালট পেপারের অবশিষ্টাংশে টিপসই ও নির্বাচন কমিশনের সিল মারছেন এক যুবক।
ফুলগাজী উপজেলার বেশির ভাগ কেন্দ্রেই ছিল এমন দৃশ্য। বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ৩০টি কেন্দ্রের মধ্যে ১৫টিতে গিয়ে দেখা যায়, দুপুরের পরই এসব কেন্দ্রের ব্যালট বাক্সগুলো প্রায় পূর্ণ হয়ে যায়। অথচ বেশির ভাগ কেন্দ্রেই বেলা ১১টার পর ভোটার দেখা গেছে হাতে গোনা।
কয়েকটি কেন্দ্রে গিয়ে জানা গেল, দুপুরের মধ্যে সিল মারার কাজ শেষ। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারিত থাকায় বাকি সময় ব্যালটভর্তি বাক্স সুরক্ষায় ব্যস্ত ছিলেন কাপ-পিরিচের কর্মীরা।
ভোটের একই চিত্র ছিল সোনাগাজী উপজেলায়ও। এ দুই উপজেলার মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রে প্রথম আলোর প্রতিনিধিরা সরেজমিনে যান। দেখা গেছে, দুপুর ১২টার মধ্যেই এসব কেন্দ্র সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের দখলে চলে যায়। দুপুরের পর উভয় উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট বাতিলের দাবি জানান। তবে আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থীই তাঁদের কর্মীদের কেন্দ্র দখল ও নির্বিচারে ভোট দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
ভোটকেন্দ্র দখলের প্রতিবাদে সোনাগাজীতে আজ সোমবার বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামালউদ্দিন হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন।
ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহিদুর রহমান জানান, গোলযোগের কারণে বেশ কয়েকটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত ছিল। পরে সেগুলোতে ভোট গ্রহণ হয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাবউদ্দিন চৌধুরীসহ একাধিক প্রার্থী ভোট বাতিলের আবেদন করেছেন।
সোনাগাজীতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আলম ভূঁঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, উপজেলার ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৫০টি কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। আলমগীর হোসেন অভিযোগ করেন, তিনি নিজের ভোটটিও দিতে পারেননি।