ব্যালট বাক্স ভাঙচুর, ছিনতাই সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দেহট্র ভবানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করে l ছবি: প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দেহট্র ভবানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করে l ছবি: প্রথম আলো

বিভিন্ন স্থানে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল বৃহস্পতিবার ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের পাঁচজন ও লালমনিরহাটে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর জামাতাসহ ১০ জন আহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: বেলা ১১টার দিকে হরিপুর ইউনিয়নের তোররা হাফিজিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ঢুকে ভোটের বাক্স ভাঙচুর করে। তারা ৪৫টি ব্যালট ছিনিয়ে নেয়। এ ঘটনার পর ওই কেন্দ্রে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রে গিয়ে আবার ভোট গ্রহণ শুরু করেন। দুপুর ১২টার দিকে ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে মিনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ভোটের বাক্স ভাঙচুর করে। সেখানে প্রায় ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। একই ইউনিয়নের দেহট্ট ভবানন্দপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রে পাঁচ-ছয়জন যুবক একটি নারী বুথের ভোটের বাক্স ভাঙচুর করেন এবং সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যের ১০০ করে ব্যালট পেপার ছিনিয়ে নেন। এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু সায়েম বলেন, কয়েকজন যুবক হামলা চালিয়ে ভোটের বাক্স ভাঙচুর করেন। সকাল ১০টায় রানীশংকৈলের কাশিপুর ইউনিয়নের বলঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হন।
পঞ্চগড়: বোদার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও ভোটারকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুরে ওই ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খয়রুল আলম খানের সমর্থকেরা ওই কেন্দ্রের কয়েকটি কক্ষে প্রবেশ করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে জোর করে দুই শতাধিক ব্যালট পেপার ছিনিয়ে নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির প্রধানের ভোটারদের মারধর করেন। তাঁরা হুমায়ুন কবিরের পোলিং এজেন্ট সামিউলকে বের করে দেন। পরে পুলিশ, বিজিবি, র্যা ব ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হলে তাঁরা পালিয়ে যান। তবে খয়রুল আলম খান তাঁর সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র কিছু ব্যালট ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন।
লালমনিরহাট: হাতীবান্ধার সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাশেম আলী তালুকদারের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আবদুল গফুরের জামাতা শফিকুল ইসলাম, তাঁর (গফুর) সমর্থক তাইজুল ইসলাম, রহিমা খাতুন, জয়নব বেগম, হাসমত আলীসহ ১০ জন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসে। তবে আবুল হাসেম তালুকদার দাবি করেন, তাঁর কোনো নেতা-কর্মী-সমর্থক হামলার সঙ্গে জড়িত নন। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।