ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনের দিন পুলিশের গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগে তিনটি মামলা হয়েছে। একটি মামলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেনকে প্রধান আসামি করা হয়।
পুলিশ জানায়, ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দিন আলাইয়ারপুর ভোটকেন্দ্রে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপারসহ ব্যালটবাক্স ছিনতাই করা হয়। এ ঘটনায় দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল হক ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৪০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আকবর হোসেনকে প্রধান আসামি করা হয়।
পুলিশ জানায়, এ ছাড়া দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যালটবাক্স ছিনতাই করে। দরাবপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে এবং অলাতলী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞাতনামা ৪৫ জনকে আসামি করে দাগনভূঞা থানায় পৃথক দুটি মামলা করেছেন।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন পৃথক তিনটি মামলার সত্যতা নিশ্চিত করেছেন।