ব্যালটে আগুন, পুড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার পর্যন্ত বেশ কয়েকটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ভোটকেন্দ্রের প্রায় সবগুলোই শিক্ষাপ্রতিষ্ঠান। আগুনে চেয়ার-টেবিল-বেঞ্চসহ বিভিন্ন মূল্যবান জিনিস পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: গতকাল গভীর রাতে শিবালয় উপজেলায় নিহালপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে নাশকতা করতে বিএনপি-জামায়াত এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শেরপুর: সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনুইঘরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাচীরখামার ইউনিয়নের কাজীরখামার উচ্চবিদ্যালয়ে গতকাল রাত নয়টা থেকে ১১টার মধ্যে দুর্বৃত্তরা আগুন দেয়।
রাজশাহী: চারঘাটের সারদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সারদা উচ্চবিদ্যালয়, শলুয়া ডিগ্রি কলেজ ও কালাবিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া রাজশাহী নগরে একটি ট্রাক ও চেতনা-৭১ কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নগরের রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর: গতকাল রাতে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ওই কেন্দ্রের দুটি কক্ষের দরজা-জানালা পুড়ে গেছে। তবে অন্যান্য আসবাবপত্র ও কাগজপত্র অক্ষত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, ‘কারা ঘটনাটি ঘটিয়েছে, তা আমরা জানতে পারিনি। বিদ্যালয়ের আশেপাশের বাসিন্দারা সবাই আওয়ামী লীগ-সমর্থিত। তাই আমরা নিশ্চিন্ত ছিলাম। তবে এ ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে।’
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একটি ভোটকেন্দ্রে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে পৌর এলাকার ললিত মোহন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া আজ ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। শৈলকুপা থানার ওসি আশরাফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনা: সদর থানার ওসি এ কে এম কাউসার আহমেদ জানিয়েছেন, উপজেলার চন্দনকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাইবান্ধা: দিবাগত রাত দুইটার দিকে পলাশবাড়ি উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্রামগাতি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন আগুন নেভান। পলাশবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বরগুনা: গতকাল রাতে বরগুনা সদরের লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে লতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আরপাঙ্গাশিয়া থেকে মানিকঝুরি পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে অবরোধ-সমর্থকেরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বরগুনা সদর সার্কেলের (সদর-আমতলী-তালতলী) সহকারী পুলিশ সুপার জায়েদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া: বগুড়ার পাঁচটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। শাজাহানপুর উপজেলার শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল রাত সাড়ে নয়টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। ইউএনও আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার বুরোইল ইউনিয়নের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল দিবাগত রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। ইউএনও অভিজিত্ রায় এ তথ্য জানিয়েছেন।
কাহালু উপজেলার কল্লাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রাত আটটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাত ১১টার পর গাবতলী উপজেলার নাড়ুমালা ইউনিয়নের মধ্যকাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাগইল ইউনিয়নের চক কাগোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) লুত্ফর রহমান এ তথ্য জানিয়েছেন।
কুষ্টিয়া: গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-৩ (সদর) নির্বাচনী এলাকার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মৌসুমি আফ্রিদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য এমনটা করা হয়েছে।
এ ছাড়া গতকাল রাত সাড়ে নয়টার দিকে ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে পানবোঝাই পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে আজ ভোর পাঁচটার দিকে আগুন দেওয়া হয়েছে। এতে আসবাব পুড়ে গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারী: জেলার ডোমার উপজেলায় গতকাল রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বটতলী মাদ্রাসা কেন্দ্র, বামুনিয়া ইউনিয়নের বারবিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সদর ইউনিয়নের চিকন মাটি ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডোমার থানার ওসি কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী: জেলার সোনাগাজীতে গতকাল রাতে তিনটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র (হাসপাতাল) ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছে। এগুলো হলো মঙ্গলকান্দি ইউনিয়নের মঙ্গলকান্দি উপস্বাস্থ্য কেন্দ্র, চর দরবেশ ইউনিয়নের বাগিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবপুর ইউনিয়নের গুয়ালিয়া গ্রামের অন্নদাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল দুর্বৃত্তের দেওয়া আগুনে স্বাস্থ্যকেন্দ্রটি সম্পূর্ণ এবং বিদ্যালয় দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর: রামগঞ্জ ও রামগতি উপজেলার (লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসন) সাতটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা গতকাল গভীর রাতে আগুন দিয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে—মধ্য সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউলীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফরিদপুর: ফরিদপুর-০৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) সংসদীয় এলাকার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল রাত ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ওই কেন্দ্রের একটি কক্ষের ছাদের সিলিং ও দুটি ব্ল্যাকবোর্ড পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব হাসান শাহীন।
ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্যার একটি নির্বাচনী ক্যাম্পে গতকাল রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ।
এ ছাড়া গতকাল রাত সোয়া তিনটার দিকে ফরিদপুর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
যশোর: যশোর-৫ (মনিরামপুর) আসনের মনিরামপুর পৌর এলাকার মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি মাধ্যমিক বিদ্যালয় এবং যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের কয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজমপুর মাদ্রাসায় গতকাল রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যশোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভোটকেন্দ্রের দরজা ও জানালা পুড়ে গেছে। এগুলো হলো সদর উপজেলার ঢেলি করটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র ও পরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ময়মনসিংহ: গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান জানান, গৌরীপুর উপজেলার পুবাইল আদর্শ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে গতকাল রাতে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান জানান, রাতে গফরগাঁও উপজেলার আস্কার আলী উচ্চবিদ্যালয় ও সফিউদ্দিন উচ্চবিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের করিমগঞ্জ উপজেলায় গতকাল রাতে তিনটি ভোটকেন্দ্রে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি ইউএনওর সরকারি বাসভবনের পেছনে পটকা ফোটানো হয়। করিমগঞ্জের ইউএনও মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বেলকুচি উপজেলায় গতকাল মধ্যরাতে তিনটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেন্দ্রগুলো হলো তামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর নবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রংপুর: গতকাল রাতে রংপুর-৩ (সদর) আসনের আটটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটকেন্দ্রগুলো হলো মহীন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ বড় আলমপুর পত্নীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীরগঞ্জ ভেন্ডাবাড়ি ভিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দিনাজপুর: আজ বেলা দেড়টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল দল পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের চারটি ভোটকেন্দ্রে আজ ভোরে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।
উপজেলার আউখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাব পৌরসভার দক্ষিণ তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুলতা পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নাশকতার চেষ্টা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।