ব্যালটে প্রতীক থাকবে প্রার্থী থাকবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিমধ্যে ব্যালট পেপারে তাঁর নির্বাচনী প্রতীক ছাপা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে পারছেন না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের আবু সাঈদ। শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের কারণে তিনি নির্বাচন করতে পারছেন না।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের আবু সাঈদ ২০০৭ সালে হবিগঞ্জের মাধবপুর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক পদে কর্মরত থাকার সময়ে অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হন। কিন্তু তিনি নির্বাচনী আইন অমান্য করে এ তথ্য গোপন করে জিনোদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিল আবেদনের পর রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।এর বিরুদ্ধে আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। গত ২৫ মে হাইকোর্ট জেলা নির্বাচন কর্মকর্তার আপিলের রায় চার মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং আবু সাঈদকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদকে নির্বাচনে অংশ নিতে ‘গরুর গাড়ি’ প্রতীক বরাদ্দ দেন। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর রউফ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া চার মাসের ওই স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে কাল মঙ্গলবার অনুষ্ঠেয় জিনোদপুর ইউপি নির্বাচনে অংশ নিতে পারছেন না আবু সাঈদ।জিনোদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের কপি পেয়ে প্রার্থী আবু সাঈদকে নির্বাচনে অংশ নিতে নির্বাচনী প্রতীক “গরুর গাড়ি” বরাদ্দ দিয়েছিলাম। কিন্তু শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরেকটি আদেশ পেয়ে তাঁর প্রার্থিতা আবারও বাতিল করতে বাধ্য হই।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রার্থী আবু সাঈদের প্রতীক ‘গরুর গাড়ি’সংবলিত ব্যালট পেপার ছাপা হয়ে গেলেও সময়ের অভাবে ওই ব্যালট পেপারেই ভোটারদের ভোট দিতে হবে।’রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচন না করতে পারার বিষয়টি রাতেই প্রার্থী আবু সাঈদকে লিখিতভাবে জানানো হয়েছে।’