ব্যালটে সিল মারা সেই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের শৌচাগারে ঢুকে নৌকার প্রতীকে সিল মারা ও গাড়িতে ব্যালট পেপার রাখার অভিযোগে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছাবের আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটকের প্রায় ১২ ঘণ্টা পর গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছাড়া পান তিনি। ছাবের আহমদ এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন চলাকালে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি শৌচাগারে ঢুকে নৌকা প্রতীকে সিল মারছিলেন ছাবের আহমদ। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে শৌচাগার থেকে চার শ ব্যালট পেপারসহ আটক করেন। তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে আরও দুই শ ব্যালট পেপার জব্দ করা হয়। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধের পর শনিবার রাত সাড়ে ১১টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অনিয়মের কারণে চরপাথরঘাটা ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ কারণে সেখানে ফল ঘোষণা করা হয়নি।