ব্যালটের মাধ্যমে জনগণ খালেদার বিচার করবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। তবে সরকার কোনো ব্যবস্থা না নিলেও ‘আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর বিচার করবে’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছি, ওই লক্ষ্য পূরণ হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্য, বিজয়ের এ মাসে খালেদা জিয়া স্বাধীনতাকে আঘাত করেছেন। তিনি যখন বলেন, শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। এ কথাটা পাকিস্তান বলে। পৃথিবীর আর কোনো দেশ বলে না, কারণ বিষয়টি মীমাংসিত। মনে হয়েছে, তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কথা বলছেন। খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেননি, পরাজিত হয়েছেন।’
আবার ৯৩ দিন আন্দোলন করেও পরাজিত হয়েছেন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এর মধ্যে বাংলাদেশের অগ্রগতি থেমে থাকেনি। যেকোনো মূল্যে আমরা রপ্তানি সচল রেখেছি, ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়নি। এখনো খালেদা জিয়ার ঘোষিত অবরোধ বিরাজমান। বেগম খালেদা জিয়া তাঁর ভুল শিকার করেছেন। তিনি বলেছেন, আর আন্দোলন নয়, এখন নির্বাচন। তিনি নির্বাচনে এসেছেন, শুভবুদ্ধির উদয় হয়েছে।
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।