ব্যালটের মাধ্যমে সহিংসতার জবাব দিতে হবে: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন। ফাইল ছবি
সাঈদ খোকন। ফাইল ছবি

আন্দোলনের নামে বিএনপি গত তিন মাসে দেশব্যাপী সহিংসতা করেছে, সেই সহিংসতার জবাব আগামী ২৮ এপ্রিল ব্যালট পেপারের মাধ্যমে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
আজ সোমবার বিকালে মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, ‘ঢাকার সঙ্গে আমাদের অর্ধশতাব্দীর বন্ধনের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে সমর্থন দিয়েছেন, এটা আমাকে শুধু নয়, আপনাদের প্রত্যেককে এই সমর্থন দেওয়া হয়েছে। আপনারা নেত্রীর এই সমর্থনকে কাজে লাগাবেন আশা করি।’
একই সভায় ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের সমন্বয়ক আবদুর রাজ্জাক বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার সকল সহিংসতার জবাব দিতে হবে জনগণকে। ভোটের মাধ্যমে সাঈদ খোকনকে বিজয়ী করতে হবে। এ বিজয় হবে আওয়ামী লীগের, শেখ হাসিনার।’
সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ঢাকা সিটিতে সাঈদ খোকন বিজয়ী হলে আমাদেরই কাজের সুবিধা হবে। কিন্তু তিনি ছাড়া অন্য প্রার্থী যারা সরকারকে অবৈধ মনে করে তারা বিজয়ী হলে কীভাবে সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য অর্থ আনবে।’
এদিকে মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাঈদ খোকনের কর্মীসভার ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ সাবের হোসেন চৌধুরী রঙিন ছবি ব্যবহার করা হয় যা সিটি করপোরেশনের মতো নির্দলীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন।
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধির ৬-এর ২ (ঙ) ধারায় উল্লেখ আছে, ‘নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাইতে কিংবা ব্যবহার করতে পারিবেন না। তবে শর্ত থাকে যে, কোনো প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করিতে পারিবেন না।’
কর্মীসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, এ বি তাজুল ইসলাম, সুজিত রায় নন্দী প্রমুখ।