সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াতের সহিংসতার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
রাজধানীর সবুজবাগ এলাকায় এক কর্মিসভায় সাঈদ খোকন এসব কথা বলেন। কর্মিসভার আয়োজক ছিল সবুজবাগ থানা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।
এদিকে সরকারি দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন, আর বিএনপির নেতা-কর্মীদের ওপর প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। গতকাল সোমবার রাজধানীর ফকিরাপুল এলাকায় গণসংযোগ চালানোর সময় তিনি এ অভিযোগ করেন। গতকাল তিনি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় কাটান।
কর্মিসভায় সাঈদ খোকন: আন্দোলনের নামে বিএনপি গত তিন মাসে দেশব্যাপী সহিংসতা করেছে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, তাদের সেই সহিংসতার জবাব ২৮ এপ্রিল ব্যালট পেপারের মাধ্যমে দিতে হবে। সভায় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ঢাকা সিটিতে সাঈদ খোকন বিজয়ী হলে আমাদেরই কাজের সুবিধা হবে। তিনি ছাড়া অন্য প্রার্থী যারা সরকারকে অবৈধ মনে করে, তারা বিজয়ী হলে কীভাবে সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য অর্থ আনবে?’
কর্মিসভায় ব্যানারে ছবি: মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাঈদ খোকনের কর্মিসভার ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ সাবের হোসেন চৌধুরীর রঙিন ছবি ব্যবহার করা হয়। সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধির ৬-এর ২ (ঙ) ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবে না।’ জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই।’
দিনভর প্রচারণায় আফরোজা আব্বাস: গতকাল ফকিরাপুল এলাকায় গণসংযোগ চালানোর সময় আফরোজা আব্বাস বলেন, ‘আমরা ভেবেছিলাম নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সরকারের আচরণ সহনশীল হবে। কিন্তু ফলাফল হচ্ছে তার বিপরীত। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সরকার অলিখিত বৈষম্য সৃষ্টি করে রেখেছে।
রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন। এ ছাড়া ঢাকা দক্ষিণে জাসদ-সমর্থিত আবদুল খালেক, সিপিবি ও বাসদ-সমর্থিত বজলুর রশীদ ফিরোজও বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।