নূরজাহান বেগমের (৪৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা। তাঁকে সিটি স্ক্যান করার জন্য হাসপাতালের নিচতলার ১৩৩ নম্বর কক্ষে নেওয়া হয় গতকাল সোমবার সকাল আটটায়। দেড় ঘণ্টা ওই কক্ষের সামনে স্বজনেরা তাঁকে ঘিরে অবস্থান করেন। ওই সময় তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছিল। একসময় চিকিৎসকের দেখা মেলে। কিন্তু সিটি স্ক্যান মেশিন চালু করা যাচ্ছে না, কারণ বিদ্যুৎ নেই। জেনারেটরও ওই কক্ষে নেই।একপর্যায়ে বিদ্যুৎ আসে। কিন্তু পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় সিটি স্ক্যান মেশিন থেকে রিপোর্ট (প্রতিবেদন) বের করা যাচ্ছে না। কারণ ওই সিটি স্ক্যান মেশিন থেকে প্রতিদিন পাঁচটির বেশি রিপোর্ট বের করা যায় না। তিন বছর আগেই মেশিনটির কার্যকরিতা হারিয়ে গেছে। শুধু সিটি স্ক্যান মেশিন নয়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অগুনতি যন্ত্রপাতি বিকল হয়ে আছে দিনের পর দিন। যে কারণে কুমিল্লা অঞ্চলের সবচেয়ে বড় ওই চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক নূর মোহাম্মদ গতকাল সোমবার সকালে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘যন্ত্রপাতি ও কর্মচারীর সংকটের কারণে রোগীদের পুরোপুরি সেবা আমরা দিতে পারি না।’হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অচল, এক্স-রে মেশিন ছয়টির মধ্যে চারটি বিকল, ইসিজি মেশিন চারটির মধ্যে তিনটি নষ্ট, বায়োকেমিস্ট্রির অ্যানালাইজের একমাত্র মেশিনটিই নষ্ট, মেমোগ্রাফির একটি যন্ত্র অচল, আলট্রাসনোগ্রাফি মেশিনের আটটির মধ্যে পাঁচটি বিকল, দন্ত শাখার দুটি মেশিনই নষ্ট, ব্রঙ্কোসকপির একমাত্র যন্ত্রটি দীর্ঘদিন থেকে অচল রয়েছে। তার ওপর ইকোকার্ডিওগ্রাফির একটি মেশিন তিন বছর ধরে বিকল রয়েছে। চারটি লিফটের মধ্যে তিনটি নষ্ট। হাসপাতালে ২০টি কম্পিউটারের মধ্যে ১৭টিই নষ্ট।এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯৯টি পদের মধ্যে ১১০টি শূন্য। জানা গেছে, এই হাসপাতাল ৫০০ শয্যার। ২০০৯ সালে হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫০০তে উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী জনবল পদায়ন করা হয়নি। তাই জনবলের সংকটে ভুগছে হাসপাতালটি। বর্তমানে হাসপাতালটির প্রধান পদ ‘পরিচালক’ শূন্য।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শূন্যতা পূরণের জন্য বেসরকারি ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে ৭৬ জনকে নিয়োগ দেওয়া হয়। ওই কর্মচারীরা মাসে চার হাজার ৫০০ টাকা করে বেতন পাওয়ার কথা থাকলেও তাঁরা পাচ্ছেন দুই হাজার টাকা করে। যে কারণে সময়মতো ওই কর্মচারীদের পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা আমান উল্লাহ বলেন, ‘হাসপাতালে রোগী নিয়ে এসেছি দুই দিন হলো। কিন্তু রোগী পর্যাপ্ত সেবা পাচ্ছে না।’ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তোরাঘর গ্রামের আলী মিয়া বলেন, ‘আমার মেয়েকে সিটি স্ক্যান করানো হলেও এর রিপোর্ট পাওয়া যাচ্ছে না।’হাসপাতালের উপপরিচালক নূর মোহাম্মদ আরও বলেন, এই হাসপাতালের জন্য ১৫ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ইকো কার্ডিওগ্রাফি মেশিনটি সচল করার জন্য কমপক্ষে ৫০ বার চিঠি দেওয়া হয়েছে। ডিজিটাল এক্স-রে মেশিন দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। সিটি স্ক্যান মেশিন রাখার কক্ষসহ অন্যান্য কক্ষ স্যাঁতসেঁতে। বিদ্যুৎ থাকে কম, যে কারণে সমস্যা হচ্ছে।