ব্যায়াম করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মনোয়ার হোসেন
দুর্ঘটনা ঘটিয়ে পালানোর পর প্রায় চার কিলোমিটার ধাওয়া করে ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসচালক জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেক্সটাইল করপোরেশনের সাবেক কর্মকর্তা মনোয়ার হোসেন (৫৫) প্রতিদিনের মতো গতকালও সকালে হাঁটতে বের হন। সকালে তিনি মানিক মিয়া এভিনিউয়ে হাঁটার সময় সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে মনোয়ার হোসেন বাসের নিচে পড়ে যান। এ সময় চালক মনোয়ার হোসেনের ওপর দিয়ে বাস চালিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটির পিছু নেয় এবং ওয়্যারলেস সেটে বিষয়টি জানিয়ে দেয়। বাংলামোটর অতিক্রম করার পর সেখানে কর্মরত ট্রাফিক পুলিশ বাসটি আটক করে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ ১/১ লালমাটিয়া ডি ব্লকের বাসায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিহতের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া থানার কামলিয়া গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন।