ব্যায়ামের সরঞ্জাম নেই আজিমপুর শরীরচর্চা কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর শরীরচর্চা কেন্দ্রে জীর্ণ ব্যায়ামের পুরোনো সরঞ্জাম l প্রথম আলো
আজিমপুর শরীরচর্চা কেন্দ্রে জীর্ণ ব্যায়ামের পুরোনো সরঞ্জাম l প্রথম আলো

দক্ষিণ সিটি করপোরেশনের আজিমপুর বটতলা শরীরচর্চা কেন্দ্রে কোনো আধুনিক সরঞ্জাম নেই। নেই কোনো প্রশিক্ষক। জীর্ণ ভবনে ধুলো-মলিন পরিবেশে শরীরচর্চা করছেন কেন্দ্রের সদস্যরা।
আজিমপুর বটতলা শরীরচর্চা কেন্দ্রের অবস্থান আজিমপুর পুরোনো কবরস্থান পার হয়ে বাঁ দিকে বটতলা এলাকায়। এটি দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আওতাভুক্ত। শরীরচর্চা কেন্দ্রের ভবনটি দোতলা। গত শনিবার সকালে গিয়ে দেখা যায়, নিচতলার কক্ষটিতে জং-ধরা কয়েকটি ডাম্বেল রাখা আছে। শুয়ে ব্যায়াম করার একমাত্র বেঞ্চটির আচ্ছাদন ছিঁড়ে ভেতরের ফোম-স্প্রিং বের হয়ে আছে। শুয়ে ভারোত্তোলন চর্চার একমাত্র ‘ব্যান্ড প্লেস’-এর প্ল্যাটফর্ম নড়বড়ে, ওয়েটের দুপাশের চাকতির লোহাও ক্ষয় হয়ে গেছে। দ্বিতীয় তলার ঘরটি প্রায় পুরোটাই ফাঁকা। বুকডন দেওয়ার স্টিলের হাতল আর শূন্যে ঝোলার রডের মতো কিছু সরঞ্জাম রয়েছে। দুটি ঘরের মেঝেতেই জমেছে ধুলার পুরু স্তর। দেয়ালও বিবর্ণ।
কেন্দ্রের সদস্য জামাল হোসেন বললেন, ‘এখানে এক্সারসাইজ করার কিছুই নাই। যা আছে তা দিয়ে শুধু ফ্রি-হ্যান্ড চলে। নতুন করে সবই দরকার।’
শরীরচর্চা কেন্দ্রের পুরোনো সদস্য আবু সাইদ (৫৭) বলেন, ব্যায়ামের সরঞ্জামগুলো সবই প্রায় ৩০ বছরের পুরোনো। এখনকার সময়ে এসব যন্ত্র আর ব্যবহৃত হয় না।
আজিমপুর শরীরচর্চা কেন্দ্রে কোনো প্রশিক্ষক নেই। সিটি করপোরেশন থেকে দুজন দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী আছেন। পাখা-বাতি নষ্ট হলেও সদস্যরাই চাঁদা তুলে মেরামত বা কেনার ব্যবস্থা করেন। কেন্দ্রের সদস্যসংখ্যার কোনো পূর্ণাঙ্গ তালিকাও নেই।
অঞ্চল-৩-এ অবস্থিত লালবাগ শরীরচর্চা কেন্দ্রেও কোনো ব্যায়াম প্রশিক্ষক নেই। গত শনিবার গিয়ে এই কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মীর একজনকেও পাওয়া যায়নি। ব্যায়াম করতে আসা সদস্যরা বললেন, তাঁরাই প্রতিদিন সকালে এসে তালা খোলেন। তবে এই শরীরচর্চা কেন্দ্রে ব্যায়ামের যন্ত্রের সংখ্যা আজিমপুরের চেয়ে বেশি। পুরোনো হলেও সেগুলোর অবস্থা ভালো।
এখানকার প্রবীণ সদস্য সেলিম বিশু বলেন, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত লালবাগ শরীরচর্চা কেন্দ্রটি একসময় বডি বিল্ডিং-রেসলিংয়ে ঢাকায় সেরা ছিল। এখন ব্যায়ামের প্রশিক্ষক না থাকায় ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না।
অঞ্চল-৩-এর শরীরচর্চা কেন্দ্রগুলোর দায়িত্বে আছেন সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকনুজ্জামান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শরীরচর্চা কেন্দ্রের জন্য অঞ্চল পর্যায়ে বাজেট বরাদ্দ নেই। জিমনেসিয়ামগুলোতে অনেক সমস্যা আছে। আমরা চাহিদাপত্র দিয়েছি। আশা করি, সমস্যার সমাধান হয়ে যাবে।’