ব্যয় ও মেয়াদ দুটোই বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ওয়াসার পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্পের ব্যয় ও মেয়াদ দুটোই বেড়েছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদ অনুমোদন দিয়েছে।

প্রকল্পটির ব্যয় বেড়েছে ৮১২ কোটি টাকা। আগে ছিল ১ হাজার ৭৮ কোটি টাকা। ব্যয় বেড়ে প্রকল্পটির খরচ এখন দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ কোটি টাকা। আর প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০১৮ সালের ডিসেম্বর করা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থসহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাড়তি ৮১২ কোটি টাকার মধ্যে ৫২২ কোটি টাকা বিশ্বব্যাংক দেবে, বাকি ২৮৮ কোটি টাকা দেবে সরকার। এর আগে প্রকল্পটির মেয়াদ ছিল পাঁচ বছর। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এখন প্রকল্পের মেয়াদ দাঁড়িয়েছে সাত বছরে।

প্রকল্পের ব্যয় ও সময় বাড়ানো প্রসঙ্গে উপপ্রকল্প পরিচালক মো. আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। প্রকল্পে যে ব্যাসের বিতরণ পাইপলাইন বসানোর কথা ছিল, তার থেকে বড় ব্যাসের পাইপলাইন বসানো হচ্ছে। মদুনাঘাট থেকে কালুরঘাট বুস্টার পাম্প এলাকা এবং সেখান থেকে নগরের পতেঙ্গা পর্যন্ত সরবরাহের লাইনের ক্ষেত্রেও পাইপলাইনের ব্যাস বাড়ানো হয়েছে। এ ছাড়া এ প্রকল্পের আওতায় প্রথমে ড্রেনেজ মাস্টারপ্ল্যান করার কথা ছিল, পরে এটির সঙ্গে স্যুয়ারেজ মাস্টারপ্ল্যানও যোগ করা হয়েছে।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের জন্য একটি খসড়া ড্রেনেজ ও স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান করা হয়েছে। এখন এটি চূড়ান্ত হওয়ার পর্যায়ে। এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোও এ প্রকল্পের একটি উদ্দেশ্য।

ওয়াসা সূত্র জানায়, ২০১১ সালের জানুয়ারিতে কাজ শুরুর কথা থাকলেও পরামর্শক নিয়োগ দিতে বেশ সময় পার হয়ে যায়। ২০১৩ সালের অক্টোবরে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এরপর নকশাপ্রণয়ন শেষে ভৌত কাজ শুরু হয় ২০১৫ সালের মাঝামাঝিতে। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘প্রকল্পের কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছিল বলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। তবে ২০১৮ সালের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করে পানি সরবরাহ শুরু করতে পারব।’

চট্টগ্রামের হাটহাজারী মদুনাঘাট এলাকায় হালদার পানি শোধন করে নগরে সরবরাহের জন্য এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরে দৈনিক আরও নয় কোটি লিটার পানি যোগ হবে। বর্তমানে নগরে মোহরা পানি শোধনাগার ও কর্ণফুলী পানি শোধনাগার থেকে পানি সরবরাহ করা হচ্ছে। এ দুটি শোধনাগার থেকে দৈনিক গড়ে ২০-২১ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে।