ব্যয় কমানো হয়েছে সিলিকন সিটি নির্মাণের

প্রস্তাবিত মেয়াদকাল শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত কাজই শুরু হয়নি রাজশাহীর ‘বরেন্দ্র সিলিকন সিটি’র। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের শুরুতে এই প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্পের প্রস্তাবিত মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে।
অবশ্য নির্ধারিত সময়ে কাজ শুরু করা না গেলেও প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমেছে প্রায় ১৩৫ কোটি টাকা। এর আগে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল ৩৭৩.১৬ কোটি টাকা। গত ২২ ডিসেম্বর একনেক সভায় বরেন্দ্র সিলিকন সিটি প্রকল্পটি উত্থাপিত হলে তা নীতিগত অনুমোদন পায়। আর প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা। প্রকল্পের নতুন মেয়াদকাল ধরা হয়েছে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত।
হাই-টেক পার্কের সহকারী পরিচালক মো. মাহফুজুল কবির প্রথম আলোকে বলেন, জমি বরাদ্দ পেতে দেরি হওয়ায় কাজ শুরু করা যায়নি। আগামী বছরের শুরুতে কাজ শুরু করা হবে। ব্যয় কমার কারণ হিসেবে মাহফুজুল কবির বলেছেন, প্রকল্পের পরিকল্পনা থেকে দুটি আবাসিক ভবনের নির্মাণ বাদ দেওয়ায় এ টাকা কমেছে।
হাই-টেক পার্ক সূত্রে জানা যায়, রাজশাহীর পবা উপজেলায় ৩১ দশমিক ৬২৯ একর জমি নিয়ে নির্মিত হবে এই সিলিকন সিটি। যার মধ্যে ২০০০০০ বর্গফুটের ১০তলা একটি ভবন নির্মাণ করা হবে। কর্তৃপক্ষ আশা করছে, ওই ভবনে ৮৭টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে তারা অফিস বরাদ্দ দিতে পারবে। ১৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ ছাড়া উদ্যোক্তাদের জন্য একটি ইনকিউবেটর ভবন থাকবে এবং তাঁদের জন্য স্বল্প পরিমাণের উদ্ভাবনী তহবিল থাকবে।
হাই-টেক পার্কের সহকারী প্রকৌশলী নরোত্তম পাল বলেন, ‘আমরা ধারণা করছি, এসব অবকাঠামো নির্মাণের পর ২ দশমিক ৫ একর করে আরও সাত কিংবা আটটি প্লট থাকবে। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান চাইলে এসব জমি কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নিয়ে নিজ খরচে নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।’