কাজের দীর্ঘসূত্রতার কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ব্যয় দ্বিতীয়বারের মতো বাড়ছে। এই দফায় ব্যয় বাড়ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। পানি, বর্জ্য ও পয়ঃশোধনাগার এবং পাইপলাইন স্থাপনের জন্য এই অতিরিক্ত ব্যয়ের টাকা নেওয়া হবে প্লট গ্রহীতাদের কাছ থেকে।
রাজউকের সূত্র বলেছে, এক দশকের মধ্যে বাস্তবায়নের ঘোষণা দিয়ে ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পটির কাজ শুরু করে রাজউক। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৩১১ কোটি টাকা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি রাজউক। ১৫ বছর পর ২০১০ সালে এসে প্রকল্পের ব্যয় আরও ৪ হাজার ৮৭১ কোটি টাকা বাড়ানো হয়। এখন আরও ৫ হাজার কোটি টাকা বাড়ানো হলে মোট ব্যয় গিয়ে দাঁড়াবে প্রায় ১৩ হাজার কোটি টাকা।
প্রকল্প-সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গত দুই দশকে এই প্রকল্পের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।
পানি, বর্জ্য ও পয়ঃশোধনাগার এবং পাইপলাইন স্থাপনের জন্য নতুন করে পাঁচ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর কারণ সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রকল্পের শুরুতে কথা ছিল ঢাকা ওয়াসা এ কাজ করে দেবে। কিন্তু তারা পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এস ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরের মধ্যেই আমরা এখন পর্যন্ত পানি কিংবা পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে পারিনি। শহরের অনেক জায়গাই এখনো ড্রেনেজ সিস্টেমের আওতার বাইরে। এ অবস্থায় পূর্বাচলে কাজ করার মতো অবস্থা আমাদের ছিল না।’ এ ছাড়া কাজটির জন্য শুরুতে যে পরিমাণ অর্থ বরাদ্দ ছিল, তা-ও খুব অপ্রতুল বলে মন্তব্য করেন কামরুল আলম চৌধুরী।
প্রকল্প-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রকল্পের প্রাথমিক যে বাজেট, তাতে এ কাজের জন্য মাত্র ১৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এ পরিস্থিতিতে ওয়াসাসহ বেসরকারি কোনো প্রতিষ্ঠান কাজটি করতে রাজি না হওয়ায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বিদেশি কোনো কোম্পানির মাধ্যমে কাজটি করার সিদ্ধান্ত নেয় রাজউক। আর অতিরিক্ত এই ব্যয় মেটাতে প্লট গ্রহীতাদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের সিদ্ধান্ত হয়েছে।
রাজউক সূত্র বলেছে, পাইপ বসানো ও প্ল্যান্ট স্থাপনের কাজটি করার জন্য চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের অন্তত ২০টি কোম্পানি আগ্রহ দেখায়। এর মধ্য থেকে চলতি বছরের শুরুতে চীনের সিজিসিওসি গ্রুপ কোম্পানি লিমিটেড, চায়না গ্যাজহোবা কোম্পানি লিমিটেডসহ তিনটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করে রাজউক। এরই মধ্যে উল্লিখিত দুটি চীনা কোম্পানি তাদের প্রকল্প প্রস্তাব ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন জমা দিয়েছে।
এ বিষয়ে গত সপ্তাহে কথা হয় রাজউকের সদস্য (উন্নয়ন) মো. আবদুর রহমানের সঙ্গে। তখন তিনি রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা চীনের কয়েকটি কোম্পানির কাজ দেখে এসেছি। তাদের কাজের ধরন ও খরচের বিষয়ে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। পরে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থনীতি-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছি।’ তিনি বলেন, এ কাজের জন্য অন্তত পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হবে।
অতিরিক্ত ব্যয়ের এই টাকাটা প্লট গ্রহীতাদের কাছ থেকে নেওয়া হবে কি না, জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘তা না হলে টাকাটা কোত্থেকে আসবে? এত সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক একটি শহরে থাকতে হলে টাকা তো দিতেই হবে।’
রাজউকের পরিকল্পনা বিভাগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ এলাকার ৬ হাজার ২২৭ একর জমিতে পূর্বাচল নতুন শহর প্রকল্প হচ্ছে। সেখানে বিভিন্ন আকারের প্লটের সংখ্যা ২৭ হাজারের বেশি। মোট জমির ৩৯ দশমিক ৮ শতাংশ জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে আবাসন খাতে। ৩ দশমিক ৯ শতাংশ প্লট ব্যবহার করা হবে বাণিজ্যিক উদ্দেশ্যে। প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এখন পর্যন্ত ১৩ হাজার প্লট হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রকল্প বাস্তবায়নের নতুন সময়সীমা ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও বাড়তি এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা নিয়ে সন্দিহান রাজউকের কর্মকর্তারাই। এ বিষয়ে রাজউকের সদস্য (উন্নয়ন) আবদুর রহমান বলেন, ‘২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। না হলে বড়জোর আর এক বছর লাগবে।’