কক্সবাজারে মাতারবাড়ী সমন্বিত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। বাস্তবায়নের সময় পিছিয়েছে অন্তত দুই বছর।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ১০টি বড় (মেগা) প্রকল্পের অন্যতম এই প্রকল্পটির নির্মাণ চুক্তি সই উদ্যাপন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রকল্পটির বাস্তবায়নকারী ও স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সরকারি খাতের ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিএল)’ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি সই হয়েছে গত ২৭ জুলাই। দরপত্র প্রক্রিয়ায় এটি নির্মাণের কাজ পেয়েছে জাপানের সুমিতোমো করপোরেশন। তাদের সঙ্গে আছে তোশিবা করপোরেশন ও আইএইচআই নামের দুটি কোম্পানি।
এই প্রকল্পের মধ্যে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কয়লা আমদানির জন্য একটি টার্মিনাল ও কয়লা রাখার স্থান এবং সমুদ্র থেকে বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন কয়লার টার্মিনাল পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ, ৩০০ মিটার প্রস্থ ও ১৪ মিটার গভীর একটি খাল খনন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের অবকাঠামো তৈরি।
শুরুতে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ৩৫ হাজার ৯৮৪ কোটি টাকা। কিন্তু নির্মাণ ঠিকাদার নিয়োগের পর হিসাব করে দেখা গেছে, এই ব্যয় বেড়ে ৪৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্রাক্কলিত ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ জাইকার অর্থায়নে প্রকল্পের কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। এখন নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২০২৩ সাল। তবে পিসিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম প্রথম আলোকে বলেন, ২০২২ সালেই তাঁরা প্রকল্পের কাজ শেষ করতে পারবেন। আগামী বছরই প্রকল্পের কাঠামো দৃশ্যমান হবে।
গত বছরের ১ জুলাই গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর এই প্রকল্পের অর্থায়ন, ঠিকাদার নিয়োগসহ সব কাজ বন্ধ হয়ে যায়। জাপানি প্রতিষ্ঠানগুলো প্রকল্পের কাজে অংশ নেওয়া বন্ধ রাখায় কাজ পিছিয়ে পড়ে। গত মে মাসে তারা কাজে ফিরেছে।
এই প্রকল্পের এখন পর্যন্ত পুঞ্জীভূত ব্যয় প্রায় ১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের (২০১৭-১৮) জাতীয় বাজেটে এই প্রকল্পের জন্য ২ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মাতারবাড়ী থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আনার জন্য চকরিয়া-মাতারবাড়ী ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। সঞ্চালন লাইনের টাওয়ার বসানোর জন্য পাইলিং চলছে। ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মাতারবাড়ী এলাকায় বিদ্যুতের হাব গড়ে তোলার কাজ শুরু হলো। আগামী বছর দেশে বিদ্যুতের উৎপাদন ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি–বিষয়ক সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ প্রমুখ।